
ঝাড়গ্রাম, ৬ এপ্রিল (হি. স.): তৃণমূলের হয়ে নির্বাচনের কাজ করছে পুলিশ— সোমবার ঝাড়গ্রাম জেলায় এমনই গুরুতর অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী চিকিৎসক প্রণত টুডু। তাঁর দাবি, জেলার বিভিন্ন প্রান্তে নির্বাচন কমিশনের দোহাই দিয়ে পুলিশ বেছে বেছে শুধুমাত্র বিজেপির ঝাণ্ডা ও দলীয় পতাকা খুলে দিচ্ছে। নেতুরা, ফাঁসিতলা, সরডিহা সহ বিভিন্ন এলাকায় বিজেপির ঝাণ্ডা খোলার সপক্ষে এদিন একাধিক ছবিও প্রমাণ হিসেবে সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন বিজেপি নেতৃত্ব। দলীয় সূত্রের খবর, যারা ঝাণ্ডা খুলছিল তাদের ঘেরাও করে কারণ জানতে চাইলে ওপরতলার নির্দেশ রয়েছে বলে জানানো হয়। যদিও তৃণমূলের ঝাণ্ডা কোথাও খোলা হচ্ছে না বলে পালটা অভিযোগ করেছেন বিজেপি নেতৃত্ব।
বিনপুরের বিজেপি প্রার্থী প্রণত টুডু দাবি করেন যে, তৃণমূল এবার সেভাবে প্রচারের ময়দানেই নেই এবং ঝাণ্ডা বা দেওয়াল লিখনে তারা পিছিয়ে পড়েছে। অপরদিকে সর্বত্র বিজেপির ঝাণ্ডা, পোস্টার ও দেওয়াল লিখন অনেক বেশি দৃশ্যমান হওয়ায় ঈর্ষান্বিত হয়েই নির্বাচন কমিশনের নাম ভাঙিয়ে পুলিশকে দিয়ে তৃণমূল এই কাজ করাচ্ছে। বিজেপি নেতৃত্বের অভিযোগ, পুলিশ প্রশাসনের একাংশ নিরপেক্ষতা বজায় না রেখে শাসকদলের ক্যাডারের মতো আচরণ করছে। এই ঘটনার প্রতিবাদে জেলাজুড়ে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো