
গুয়াহাটি, ৬ এপ্রিল (হি.স.) : কংগ্রেসের সর্বভারতীয় নেতা পবন খেড়ার বিরুদ্ধে ক্রাইম ব্রাঞ্চে মামলা দায়ের করেছেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার স্ত্রী রিনিকি ভূঞা শর্মা। তাঁর বিরুদ্ধে কংগ্রেস নেতা যে অভিযোগ তুলেছেন, তা সর্বৈব মিথ্যা, বলেছেন মামলাকারিণী রিনিকি। মিথ্যা অভিযোগের প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
আসামের ক্রাইম ব্রাঞ্চে মামলা দায়ের করে রিনিকি ভূঞা শর্মা বলেন, তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া। তিনি বলেন, এই ঘটনার সঙ্গে জড়িত দোষীদের আইনের আওতায় কঠোর শাস্তি দেওয়া উচিত। রিনিকির বক্তব্য, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনও শক্তিশালী ইস্যু না থাকায় তাকে ‘সফট টার্গেট’ করে আক্রমণ করা হচ্ছে।
উল্লেখ্য, কংগ্রেসের সর্বভারতীয় নেতা পবন খেড়া অভিযোগ করেছিলেন, রিনিকি ভূঞা শর্মার সংযুক্ত আরব আমিরাত, মিশর এবং অ্যান্টিগুয়ার নাগরিকত্ব রয়েছে এবং যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলিতে তাঁর অবৈধ সম্পত্তি রয়েছে। রিনিকি এই অভিযোগগুলি সম্পূর্ণভাবে খারিজ করে একে একটি পরিকল্পিত অপপ্রচার বলে অভিহিত করেছেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস