
হাইলাকান্দি (অসম), ৬ এপ্রিল (হি.স.) : আগামী ৯ এপ্রিল অনুষ্ঠেয় অসম বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে আগামীকাল মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাইলাকান্দি সফর ঘিরে জেলা প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আগামীকাল মঙ্গলবার বেলা ১২টা ৫৫ মিনিটে হাইলাকান্দির ডিএসএ খেলার মাঠে অমিত শাহের আগমন নির্ধারিত রয়েছে। এই সফরকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন একাধিক এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দিয়েছে। প্রশাসনের জারিকৃত নির্দেশিকা অনুযায়ী, আলগাপুরের সার্কল অফিসার তথা প্রশাসনিক ম্যাজিস্ট্রেট হুসাইন মোহাম্মদ মুবিনকে ডিএসএ প্লেগ্রাউন্ড এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব প্রদান করা হয়েছে। সহকারী কমিশনার ও প্রসাসনিক ম্যাজিস্ট্রেট অঙ্কিতা ছেত্রীকে হাইলাকান্দি সার্কিট হাউস এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা নিজ নিজ এলাকায় উপস্থিত থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন এবং প্রয়োজনে তাঁরা জেলাশাসক ও আইন-শৃঙ্খলা শাখার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস