
হাইলাকান্দি (অসম), ৬ এপ্রিল (হি.স.) : আগামী ৯ এপ্রিল অনুষ্ঠেয় অসম বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে ভোটগ্রহণের শেষ ৪৮ ঘণ্টা আগে হাইলাকান্দি জেলায়ও কঠোর বিধিনিষেধ জারি করেছে জেলা প্রশাসন।
জেলা নির্বাচন আধিকারিক অভিষেক জৈন এক নির্দেশে আগামীকাল ৭ এপ্রিল মঙ্গলবার বিকাল ৫-টা থেকে ১২১ নম্বর হাইলাকান্দি এবং ১২২ নম্বর আলগাপুর–কাটলিছড়া নিৰ্বাচনী এলাকায় সাইলেন্ট পিরিয়ড ঘোষণা করে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন। সাইলেন্ট পিরিয়ডে জনসভা, মিছিল বা কোনও সরব নির্বাচন-সংক্রান্ত প্রচারণা করা যাবে না। প্রিন্ট, ইলেকট্রনিক বা সোশ্যাল মিডিয়ায় নির্বাচনী বিষয়বস্তু প্রকাশ করা যাবে না।
ভোটের জন্য কোনওভাবে প্রচার যেমন এসএমএস, ফোন কল বা সোশ্যাল মিডিয়া পোস্ট করা যাবে না। ভোটারদের প্রভাবিত করার মতো কোনও কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে। তাছাড়া ভোটার ছাড়া অন্য ব্যক্তি যাঁরা ভোটার নন তাঁদেরকে ৭ এপ্রিল বিকাল ৫-টার আগে নির্বাচনী এলাকা ছেড়ে যেতে বলা হয়েছে। প্রার্থী ও রাজনৈতিক দলগুলোকে এই নির্দেশাবলী মেনে চলতে হবে। নির্দেশবলী লঙ্ঘন করলে আইনের সংশ্লিষ্ট ধারায় শাস্তি হতে পারে বলে নির্দেশে বলা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস