ভোটদানে সচেতনতা বাড়াতে অভিনব উদ্যোগ, বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন পূর্ব মেদিনীপুরে
রামনগর, ৬ এপ্রিল (হি. স.): আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোটারদের উৎসাহিত করতে ও গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে অভিনব পথ বেছে নিল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। একদিকে যখন অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে জেলাজুড়ে কেন্দ্রীয় ব
পূর্ব মেদিনীপুর জেলার বসে আঁকো প্রতিযোগিতা


রামনগর, ৬ এপ্রিল (হি. স.): আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোটারদের উৎসাহিত করতে ও গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে অভিনব পথ বেছে নিল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। একদিকে যখন অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে জেলাজুড়ে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ চলছে, অন্যদিকে তখন সাধারণ মানুষকে ভোটমুখী করতে বসে আঁকো প্রতিযোগিতার মতো সৃজনশীল কর্মসূচির ওপর জোর দেওয়া হচ্ছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব ভোটদান নিয়ে সম্যক ধারণা তৈরি করতে জেলার বিভিন্ন প্রান্তে লোকগান, ফুটবল প্রতিযোগিতা, পথনাটিকা এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এরই অঙ্গ হিসেবে স্কুল, কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করেছে জেলা নির্বাচনী দফতর। এই প্রতিযোগিতায় মূলত ভোটদান এবং নির্ভয়ে নিজের ভোটাধিকার প্রয়োগের বিষয়বস্তুকে (থিম) প্রাধান্য দেওয়া হয়েছে।

এই কর্মসূচিকে সফল করতে জেলা স্তরে গঠিত 'ইলেকটোরাল লিটারেসি ক্লাব' বা নির্বাচনী স্বাক্ষরতা ক্লাবগুলি বিশেষ ভূমিকা পালন করছে। ক্লাবের সদস্যদের আলোচনার ভিত্তিতেই প্রতিযোগিতার বিষয়বস্তু ও প্রচারের রূপরেখা তৈরি করা হয়েছে। মূলত নতুন প্রজন্মের ভোটারদের মাধ্যমে প্রতিটি পরিবারে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।

প্রশাসনের এই বহুমুখী প্রচার অভিযানে ভোটারদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে 'বসে আঁকো' প্রতিযোগিতার মাধ্যমে ভোটারদের অভয় দান এবং নির্বাচনের গুরুত্ব বুঝিয়ে দেওয়ার এই প্রচেষ্টা ইতিবাচক সাড়া ফেলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande