
আসানসোল, ৬ এপ্রিল (হি. স.) : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সোমবার তৃণমূল কংগ্রেস লিগ্যাল সেলের উদ্যোগে আসানসোলে প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন লিগ্যাল সেলের আসানসোল ইউনিটের ডাকে আসানসোল আদালতের আইনজীবীদের একটি মিছিল বের হয়। ওই মিছিলে আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মলয় ঘটক উপস্থিত ছিলেন।আইনজীবীদের এই মিছিল আসানসোল আদালত চত্বর থেকে শুরু হয়ে শহরের আশপাশের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। মিছিল চলাকালীন আইনজীবীরা দলীয় প্রার্থীর সমর্থনে স্লোগান দেন এবং সাধারণ মানুষের কাছে মলয় ঘটককে ভোট দেওয়ার আহ্বান জানান। নির্বাচনের আগে এই মিছিলকে ঘিরে রাজনৈতিক মহলে যথেষ্ট চর্চা শুরু হয়েছে।তৃণমূল কংগ্রেস লিগ্যাল সেলের সদস্যরা জানান, রাজ্যের উন্নয়ন এবং চলমান প্রকল্পগুলিকে সামনে রেখেই তারা মানুষের কাছে সমর্থন চাইছেন। আইনজীবীদের একাংশও দাবি করেন, উন্নয়নের স্বার্থে মলয় ঘটককে জয়ী করা প্রয়োজন।নির্বাচন যত এগিয়ে আসছে, ততই আসানসোল উত্তর বিধানসভা এলাকায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার কর্মসূচি জোরদার হচ্ছে। রাজনৈতিকভাবে এলাকায় উত্তেজনা ধীরে ধীরে বাড়ছে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়