বিজেপি কর্মীকে ‘কেটে দেওয়ার’ হুমকি তৃণমূল নেতার, ভাইরাল ভিডিও ঘিরে রণক্ষেত্র কাঁকসা
দুর্গাপুর, ৬ এপ্রিল (হি. স.): পুলিশের সামনেই বিজেপি কর্মীকে প্রকাশ্য দিবালোকে কেটে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক তৃণমূল শ্রমিক নেতার বিরুদ্ধে। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুর পূর্ব বিধানসভার কাঁকসা ব্লকের বাঁশকোপ এলাকায় তুমুল উত্তেজনা ছড়
বিজেপি কর্মীকে ‘কেটে দেওয়ার’ হুমকি তৃণমূল নেতার, ভাইরাল ভিডিও ঘিরে রণক্ষেত্র কাঁকসা


দুর্গাপুর, ৬ এপ্রিল (হি. স.): পুলিশের সামনেই বিজেপি কর্মীকে প্রকাশ্য দিবালোকে কেটে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক তৃণমূল শ্রমিক নেতার বিরুদ্ধে। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুর পূর্ব বিধানসভার কাঁকসা ব্লকের বাঁশকোপ এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার একটি ভিডিও মুহূর্তের মধ্যে সমাজমাধ্যমে ভাইরাল হওয়ায় রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বাঁশকোপ এলাকায় তৃণমূলের দলীয় পতাকা ও ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। এই ঘটনার প্রেক্ষিতে এলাকার বিজেপি কর্মী দিলীপ কুমার রায়কে ডেকে পাঠানো হয়। কিন্তু তিনি দেখা না করায় তৃণমূল নেতা পান্না ঘোষের নেতৃত্বে একদল কর্মী ওই বিজেপি কর্মীর বাড়িতে চড়াও হন বলে অভিযোগ। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, পুলিশের উপস্থিতিতেই পান্না ঘোষের সঙ্গে দিলীপ রায়ের চরম বাকবিতণ্ডা চলছে এবং এক পর্যায়ে তৃণমূল নেতা তাঁকে ‘কেটে দেওয়ার’ হুমকি দিচ্ছেন।

আক্রান্ত বিজেপি কর্মী দিলীপ কুমার রায়ের অভিযোগ, “আমাকে ব্যানার ছেঁড়ার মিথ্যে অপবাদ দিয়ে পান্না ঘোষ দলবল নিয়ে বাড়িতে চড়াও হন। আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। আমি এবং আমার পরিবার এখন চরম আতঙ্কে রয়েছি।” অন্যদিকে, পালটা অভিযোগে তৃণমূল নেতা পান্না ঘোষ বলেন, “রামনবমীর দিন থেকেই বিজেপি এলাকায় আমাদের পতাকা-ব্যানার ছিঁড়ছে। রবিবার রাতেও দিলীপ রায় একই কাজ করেছেন। আমরা শুধু এর কারণ জানতে চেয়েছিলাম, উলটে আমাদেরই হুমকি দেওয়া হয়েছে। পুলিশই বলতে পারবে আসল সত্য কী।”

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি অভিযোগ করেন, “এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও কেন কেন্দ্রীয় বাহিনীকে আনা হলো না? আমরা কাঁকসা থানার ওসির বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করব।” আপাতত এই ঘটনাকে কেন্দ্র করে শিল্পাঞ্চল জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande