
হুগলি, ৬ এপ্রিল (হি.স.): রবিবার সন্ধ্যারাতে আরামবাগ পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বিজেপি প্রার্থী হেমন্ত বাগের প্রচার কর্মসূচি ছিল। এদিন প্রচারে বেরিয়ে জনসংযোগের পাশাপাশি পুরাতন বাজার এলাকায় তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনেই একটি পথসভা করেন তিনি। সেখানে ওই ওয়ার্ডের বাসিন্দা সুভাষ চন্দ্র দোলুই এবং স্থানীয় ব্যবসায়ী অলোক ধারা আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন। বিজেপি নেতৃত্ব তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন।
জানা গেছে, সুভাষ চন্দ্র দোলুই এর আগে কোনও রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না। তবে এবারের নির্বাচনে তিনি সক্রিয়ভাবে বিজেপির হয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। অন্যদিকে, অলোক ধারা জানান, তিনি পূর্বে বিজেপিতে ছিলেন। কিন্তু ব্যবসায়িক চাপের কারণে কিছু সময়ের জন্য তৃণমূল কংগ্রেসে যোগ দিতে বাধ্য হয়েছিলেন। তিনি পুনরায় বিজেপিতে ফিরলেন।
এই যোগদান প্রসঙ্গে বিজেপি প্রার্থী হেমন্ত বাগ বলেন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিজেপিতে যোগ দিচ্ছেন। পরিবর্তনের হাওয়া স্পষ্টভাবে অনুভূত হচ্ছে।
অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল কংগ্রেস। তাদের প্রার্থী মিতা বাগ দাবি করেন, যারা যোগদান করেছেন তারা কখনওই তৃণমূল কংগ্রেসের কর্মী ছিলেন না। পুরোটা একটি নাটক।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA