
আগরতলা, ৬ এপ্রিল (হি.স.): ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ক্রমশ বাড়ছে। আগামী সোমবার এই নির্বাচনে ২৮টি আসনের জন্য মোট ১,২৫৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হবে। এতে অংশ নেবেন ৯ লক্ষেরও বেশি ভোটার। নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার তুঙ্গে উঠেছে, পাশাপাশি দলবদলের ঘটনাও বাড়ছে।
এই প্রেক্ষাপটে সোমবার সকালে বিজেপি-র শিলাছড়ি-মনকুল মণ্ডলের সহ-সভাপতি রতি মোহন ত্রিপুরা দল ছেড়ে তিপ্রা মথায় যোগদান করেন। তাঁর এই যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।
এদিন তাঁকে আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানান তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। দলের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে এই যোগদান কর্মসূচি সম্পন্ন হয়।
দলবদলের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে রতি মোহন ত্রিপুরা বলেন, তিনি দীর্ঘদিন বিজেপি-র সঙ্গে যুক্ত থাকলেও বর্তমান পরিস্থিতিতে তিনি তিপ্রা মথার আদর্শে অনুপ্রাণিত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানান, এখন থেকে তিনি তিপ্রা মথার একজন ‘ওয়ারিয়র’ হিসেবে কাজ করবেন এবং বিশেষ করে প্রত্যন্ত এলাকাগুলিতে জনসংযোগ বাড়ানোর উপর জোর দেবেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, টিটিএএডিসি নির্বাচনের আগে এই ধরনের দলবদল ভোটের সমীকরণে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে উপজাতি অধ্যুষিত এলাকাগুলিতে তিপ্রা মথা তাদের শক্তি বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, অন্যদিকে বিজেপিও নিজেদের অবস্থান মজবুত রাখতে সর্বশক্তি নিয়োগ করেছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ