
কুমারঘাট (ত্রিপুরা), ৬ এপ্রিল (হি.স.): ঊনকোটি জেলার কুমারঘাট থানাধীন পূর্ব কাঞ্চনবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় জনৈক যুবকের মৃত্যু হয়েছে এবং তাঁর বড় ভাই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মৃত যুবকের নাম পিংকু মিশ্র (৩০) এবং আহত বড় ভাই সিঙ্কু মিশ্র।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে দুই ভাই একই বাইকে করে পূর্ব কাঞ্চনবাড়ি এলাকায় যাচ্ছিলেন। সেই সময় বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি মালবাহী বোলেরো গাড়ি তাঁদের বাইকে ধাক্কা দেয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে দুই ভাই গুরুতরভাবে আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে কুমারঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষার পর পিংকু মিশ্রকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, সিঙ্কু মিশ্রের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা চলছে।
ঘটনার খবর পেয়ে স্থানীয় বিধায়ক ভগবান চন্দ্র দাস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির খোঁজখবর নেন। তিনি মৃতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
এদিকে, কুমারঘাট থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দুর্ঘটনায় জড়িত বোলেরো গাড়িটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এই মর্মান্তিক ঘটনায় পূর্ব কাঞ্চনবাড়ি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীর মধ্যে গভীর শোক ও ক্ষোভের সঞ্চার হয়েছে, পাশাপাশি দ্রুত গতির গাড়ি চলাচল নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ নেওয়ার দাবিও উঠছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ