টিটিএএডিসি নির্বাচন : জনসভায় তোপ মন্ত্রী সুশান্ত চৌধুরীর, বিজেপিতে যোগ ৯১ ভোটার
আগরতলা, ৬ এপ্রিল (হি.স.) : ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে প্রচার ক্রমশ জোরদার হচ্ছে। এরই অংশ হিসেবে সোমবার টিটিএএডিসির ১৬ -মান্দাইনগর-পুলিনপুর কেন্দ্রের বিজেপি প্রার্
জনসভায় মন্ত্রী সুশান্ত চৌধুরী


আগরতলা, ৬ এপ্রিল (হি.স.) : ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে প্রচার ক্রমশ জোরদার হচ্ছে। এরই অংশ হিসেবে সোমবার টিটিএএডিসির ১৬ -মান্দাইনগর-পুলিনপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজেশ দেববর্মার সমর্থনে ভৃগুদাস বাড়ি স্কুল মাঠে নির্বাচনী জনসভার আয়োজন করা হয়।

জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী, নির্বাচনী অবজারভার বিশ্বজিৎ ঘোষ, সুকান্ত ঘোষ সহ দলের একাধিক নেতা-কর্মী। সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী টিটিএএডিসিতে বিজেপির ক্ষমতায় আসার প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বলেন, টিটিএএডিসিতে বিজেপি সরকার গঠন হলে উন্নয়নের গতি বহুগুণ বাড়বে। কেন্দ্র, রাজ্য এবং টিটিএএডিসি—তিন স্তরেই বিজেপি ক্ষমতায় থাকলে তহবিল প্রাপ্তি সহজ হবে এবং সেই অর্থে শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল ও সড়ক পরিকাঠামোর উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।

এদিনের সভায় একটি উল্লেখযোগ্য রাজনৈতিক ঘটনাও ঘটে। মন্ত্রী সুশান্ত চৌধুরীর উপস্থিতিতে তিপ্রা মথা দল ছেড়ে ২৭টি পরিবারের মোট ৯১ জন ভোটার বিজেপিতে যোগদান করেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানানো হয়। এতে এলাকায় বিজেপি-র সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পাবে বলে দাবি করেন দলীয় নেতৃত্ব।

সভা থেকে মন্ত্রী সুশান্ত চৌধুরী বিরোধী দল সিপিআই(এম)-এর তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ক্ষমতায় থেকেও সিপিআই(এম) টিটিএএডিসি-র প্রকৃত উন্নয়ন করতে ব্যর্থ হয়েছে। পাশাপাশি তিনি বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ও তাঁর দল জনজাতি সম্প্রদায় এবং মহারাজা বীর বিক্রম মানিক্য বাহাদুরকে যথাযথ সম্মান দেয়নি। বরং জনজাতিদের কেবলমাত্র ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, টিটিএএডিসিতে অতীতে বিভিন্ন আঞ্চলিক দল শাসন করলেও সার্বিক উন্নয়নের ক্ষেত্রে প্রত্যাশিত ফল পাওয়া যায়নি। শুধু একটি নির্দিষ্ট জাতিকে কেন্দ্র করে উন্নয়ন সম্ভব নয়, সকল সম্প্রদায়কে সঙ্গে নিয়ে সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে এগুতে হবে। ১২ এপ্রিল নির্বাচনে সকলকে পদ্মফুল প্রতীকে ভোট দিয়ে বিজেপি প্রার্থী রাজেশ দেববর্মাকে জয়ী করার আহ্বান জানান মন্ত্রী।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande