ধর্মনগর উপনির্বাচন : পদযাত্রা থেকে বিজেপি-র বিরুদ্ধে সরব মানিক সরকার
ধর্মনগর (ত্রিপুরা), ৬ এপ্রিল (হি.স.) : আসন্ন ধর্মনগর বিধানসভা উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এরই প্রেক্ষাপটে সোমবার বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী অমিতাভ দত্তের সমর্থনে শহরে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়। এদিন সিপিআই(এম)-এর
সিসিআই(এম) এর পদযাত্রা


ধর্মনগর (ত্রিপুরা), ৬ এপ্রিল (হি.স.) : আসন্ন ধর্মনগর বিধানসভা উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এরই প্রেক্ষাপটে সোমবার বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী অমিতাভ দত্তের সমর্থনে শহরে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়।

এদিন সিপিআই(এম)-এর ধর্মনগর মহকুমা দফতর থেকে পদযাত্রাটি শুরু হয়। প্রায় দুই সহস্রাধিক নেতা-কর্মী ও সমর্থকের উপস্থিতিতে লাল পতাকা, ব্যানার ও ফেস্টুনে সজ্জিত এই পদযাত্রা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে কালীদীঘির উত্তর পাড়ে গিয়ে পথসভায় পরিণত হয়।

পথসভায় সভাপতিত্ব করেন সিপিআই(এম)-এর জেলা সম্পাদক অভিজিৎ দে। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এছাড়াও বক্তব্য রাখেন বামফ্রন্ট প্রার্থী অমিতাভ দত্তসহ দলের অন্যান্য নেতৃত্ব।

সভায় বক্তব্য রাখতে গিয়ে মানিক সরকার বর্তমান বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তিনি রাজ্যে ক্রমবর্ধমান বেকারত্ব, দুর্নীতি এবং আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে ধরেন। তাঁর দাবি, রাজ্যে বিপুল সংখ্যক শূন্য পদ থাকা সত্ত্বেও সরকার নিয়োগ প্রক্রিয়া শুরু করছে না, যার ফলে শিক্ষিত যুবসমাজ চরম হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন। পাশাপাশি গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পেও অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, প্রশাসন বর্তমানে শাসকদলের প্রভাবাধীন হয়ে পড়েছে এবং বিরোধী দলীয় কর্মী-সমর্থকদের উপর হামলার ঘটনা বেড়েছে। ধর্মনগরসহ বিভিন্ন এলাকায় ভয়ের পরিবেশ তৈরি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান মানিক সরকার। তিনি আসন্ন উপনির্বাচনে বামফ্রন্ট প্রার্থী অমিতাভ দত্তকে জয়ী করার জন্য ভোটারদের প্রতি আবেদন জানান।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande