খোয়াইয়ে স্কুলে দুঃসাহসিক চুরি, একাধিক আলমারি ভেঙে লুটপাট
খোয়াই (ত্রিপুরা), ৬ এপ্রিল (হি.স.) : খোয়াই জেলার শরৎচন্দ্র দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, রবিবার গভীর রাতে কোনও এক সময় চোরের দল বিদ্যালয়ের গেটের গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা এ
খোয়াইয়ে স্কুলে দুঃসাহসিক চুরি


খোয়াই (ত্রিপুরা), ৬ এপ্রিল (হি.স.) : খোয়াই জেলার শরৎচন্দ্র দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, রবিবার গভীর রাতে কোনও এক সময় চোরের দল বিদ্যালয়ের গেটের গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা একাধিক কক্ষের আলমারি ভেঙে ফেলে এবং বিদ্যালয়ের মূল্যবান সামগ্রী ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়।

বিদ্যালয় সূত্রে জানা যায়, চোরেরা অত্যন্ত পরিকল্পিতভাবে এই চুরি সংঘটিত করে। বিভিন্ন দফতরের আলমারি ভেঙে গুরুত্বপূর্ণ নথিপত্র তছনছ করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। ঘটনার পর সোমবার সকালে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা স্কুলে এসে বিষয়টি টের পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

এই ঘটনার জেরে শিক্ষা মহল ও অভিভাবকদের মধ্যে তীব্র উদ্বেগ ছড়িয়েছে। বারবার বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটলেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার না হওয়ায় প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে। উল্লেখযোগ্য বিষয় হল, একসময় রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে তেমন মূল্যবান সামগ্রী না থাকলেও নাইট গার্ডের ব্যবস্থা ছিল। কিন্তু বর্তমানে কম্পিউটার, ল্যাপটপসহ বিভিন্ন দামী সরঞ্জাম থাকা সত্ত্বেও অধিকাংশ বিদ্যালয়ে নৈশকালীন নিরাপত্তার কোনও ব্যবস্থা নেই।

স্থানীয়রা জানিয়েছেন, এই ধরনের অবহেলার কারণেই চোরের দল সুযোগ নিচ্ছে এবং একের পর এক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটছে। সকল বিদ্যালয়ে দ্রুত নাইট গার্ড নিয়োগ ও আধুনিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিভাবকরা। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে এবং খুব শীঘ্রই দোষীদের গ্রেফতার করা সম্ভব হবে বলে আশাবাদী পুলিশ।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande