
আগরতলা, ৬ এপ্রিল (হি.স.) : টিটিএএডিসি নির্বাচনকে ঘিরে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি দিনদিন উত্তপ্ত হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে বোধজংনগর–ওয়াকিনগর আসনে তিপ্রা মথা দলের পক্ষ থেকে পুনরায় প্রার্থী করা হয়েছে বর্তমান ইএম রুনিয়েল দেববর্মাকে। তিনি ২০২১ থেকে ২০২৬ পর্যন্ত ওই পদে দায়িত্ব পালন করেছেন।
এদিনের কর্মসূচিতে তিপ্রা মথার লেফুঙ্গা ব্লক কমিটির সভাপতি সহ বহু নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উজ্জীবিত দলীয় নেতৃত্ব।
প্রার্থী রুনিয়েল বলেন, মানুষ নিজেরাই এগিয়ে এসে আমাদের প্রচারে অংশ নিচ্ছেন। এই সমর্থনই আমাদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে। আগামী ১২ এপ্রিল বুবাগ্রাকে জয়ী করে আবারও টিটিএএডিসিতে তিপ্রা মথা সরকার গড়ার জন্য সকলেই প্রস্তুত। তিনি আরও জানান, এলাকার উন্নয়ন ও জনজাতি জনগণের কল্যাণে তাঁর প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
দলীয় নেতৃত্বের মতে, গত পাঁচ বছরে জনজাতি জনগণের স্বার্থে তাঁর বিভিন্ন উন্নয়নমূলক কাজই তাঁকে আবার প্রার্থী হিসেবে বেছে নেওয়ার মূল কারণ। ইতিমধ্যেই এলাকায় তাঁর সমর্থনে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যাচ্ছে।
সোমবার নিজের কেন্দ্রের রাজঘাট ভিলেজ কমিটির অন্তর্গত ১ ও ২ নম্বর পুলিং স্টেশন এলাকায় নির্বাচনী মিছিল করেন তিনি। এই মিছিলে হাজার হাজার মানুষের ঢল নামে। নাচ-গান, স্লোগান এবং উৎসবমুখর পরিবেশে মুখর হয়ে ওঠে গোটা এলাকা, যা কার্যত শক্তি প্রদর্শনে পরিণত হয়।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ