
নয়াদিল্লি, ৭ এপ্রিল (হি. স.): এশিয়ান কাপের আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ভারতীয় অনূর্ধ্ব-১৭ মহিলা ফুটবল দল। সেই লক্ষ্যেই রাশিয়ার সোচিতে তিনটি প্রীতি ম্যাচ খেলতে নামছে ‘ইয়ং টাইগ্রেস’রা। ১১, ১৪ এবং ১৭ এপ্রিল—এই তিন দিনে আয়োজিত হবে ম্যাচগুলি। প্রতিটি ম্যাচই হবে সোচির মাতসেস্তা ফুটবল সেন্টারে, ভারতীয় সময় দুপুর ২টো ৩০ মিনিটে।দলের প্রধান কোচ পামেলা কন্তি ইতিমধ্যেই ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন। সোমবার গভীর রাতে সোচিতে পৌঁছেছে ভারতীয় দল। তার আগে গত মাসে মায়ানমারের ইয়াঙ্গনে দুটি প্রীতি ম্যাচে আয়োজক দলকে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়েছে কন্তির দল (২-০ এবং ৩-২)। দেশে ফিরে বেঙ্গালুরুর শিবিরে অনুশীলন চালিয়ে গিয়েছে ফুটবলাররা।
আসন্ন এএফসি অনূর্ধ্ব-১৭ মহিলা এশিয়ান কাপ (চিন, ২০২৬)-এ গ্রুপ ‘বি’-তে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, জাপান এবং লেবানন। ২ মে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ভারত। এরপর ৫ মে জাপান এবং ৮ মে লেবাননের মুখোমুখি হবে তারা।
ভারতীয় স্কোয়াড এক নজরে:
গোলরক্ষক: মুন্নি, সুরজমুনি কুমারী, তামফাসানা দেবী কনজেংবাম।
ডিফেন্ডার: আলেনা দেবী সারাংথেম, আলিশা লিংদোহ, দিব্যনী লিন্ডা, এলিজাবেদ লাখরা, জয়শিনী চানু হুইদ্রম, রিতু বাড়াইক, তানিয়া দেবী তোনাম্বাম।
মিডফিল্ডার: অভিষ্টা বসনেট, আলভা দেবী সেনজাম, বনিফিলিয়া শুল্লাই, জুলান নংমাইথেম, প্রীতিকা বর্মন, রেডিমা দেবী চিংখামায়ুম, থান্ডামনি বাস্কে।
ফরোয়ার্ড: অনুষ্কা কুমারী, অন্বিতা রঘুরামন, জয়া, অলিভিয়া চানু নিংথৌজাম, পার্ল ফার্নান্ডেজ, ভ্যালাইনা ফার্নান্ডেজ।
প্রধান কোচের সঙ্গে সহকারী হিসেবে রয়েছেন ভিনচেঞ্জো কন্তি ও নিবেথা রামাদোস, গোলকিপিং কোচ মারিও আগুইয়ার এবং ফিটনেস কোচ অমিত যাদব।
এশিয়ান কাপের আগে রাশিয়ার বিরুদ্ধে এই তিনটি ম্যাচই ভারতের প্রস্তুতির মান যাচাইয়ের বড় মঞ্চ— এমনটাই মনে করছেন ফুটবল মহল।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত