
কলকাতা, ৭ এপ্রিল (হি.স.): কয়েকদিন আগেও চৈত্রে ভ্যাপসা গরম বাড়ছিল দক্ষিণবঙ্গে। তবে ফের আবহাওয়া ঝড়-বৃষ্টির অনুকূল হয়েছে। স্বস্তির বৃষ্টি হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। পারদ-পতনও হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত অন্তত ৩ দিন ঝড়-বৃষ্টি চলবে। বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও। উত্তরবঙ্গে শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার পর্যন্ত কলকাতায় টানা ঝড়-বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তার সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। কালবৈশাখীর বাড়তি সতর্কতা বুধবার জারি করা হয়েছে হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ২৪ পরগনায়। দুর্যোগ হতে পারে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। এই সমস্ত জেলায় ঝড়ের গতি পৌঁছে যেতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটারেও। আগামী চার দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি কমবে। তার পরের দু’দিনে দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত আবার পারদ চড়তে পারে। মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম।
উত্তরবঙ্গেও প্রায় প্রতি দিনই ঝড়-বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বুধবার ভারী বৃষ্টি হতে পারে। এ ছাড়াও দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। শিলাবৃষ্টিও হতে পারে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ