
আরামবাগ, ৭ এপ্রিল (হি.স.): সামাজিক মাধ্যমের যুগেও ভোটের প্রচারে দেওয়াল লিখনকে হাতিয়ার করে তুলেছে রাজনৈতিক দলগুলি। আরামবাগ মহকুমা জুড়ে বিভিন্ন দেওয়ালে রং-তুলি দিয়ে স্লোগান, ছড়া ও মিম লিখে একে অপরকে টক্কর দিচ্ছে শাসক ও বিরোধী শিবির।
ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই পাড়ায় পাড়ায় প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। বাড়ি বাড়ি জনসংযোগের পাশাপাশি দেওয়াল লিখনেও জোর লড়াই দেখা যাচ্ছে। এই লড়াইয়ে তৃণমূল কিছুটা এগিয়ে থাকলেও বিজেপি ও অন্যান্য বিরোধী দলও পিছিয়ে নেই।
দেওয়াল লিখনে একদিকে যেমন রাজনৈতিক কটাক্ষ উঠে আসছে, তেমনই সাধারণ মানুষের নিত্যদিনের সমস্যাও জায়গা পাচ্ছে। শাসক দলের দেওয়ালে বিজেপিকে কটাক্ষ করে ছড়া লেখা হয়েছে, অন্যদিকে বিজেপিও পাল্টা তৃণমূলের নীতিকে আক্রমণ করে স্লোগান তুলেছে। সিপিআইএম-ও দেওয়াল লিখনের মাধ্যমে তৃণমূল ও বিজেপিকে একযোগে নিশানা করেছে।
প্রচারের ফাঁকে বিভিন্ন দলের প্রার্থীদেরও রং-তুলি হাতে দেওয়াল লিখনে অংশ নিতে দেখা যাচ্ছে। ফলে দেওয়াল লিখন ঘিরে কার্যত সরগরম হয়ে উঠেছে আরামবাগ।
রাজনৈতিক মহলের মতে, আধুনিক প্রযুক্তির দাপটের মধ্যেও বাংলার ভোটে দেওয়াল লিখনের এই ঐতিহ্য এখনও প্রাসঙ্গিক এবং তা নির্বাচনী আবহে আলাদা মাত্রা যোগ করছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA