
কলকাতা, ৮ এপ্রিল (হি. স.) : বাংলা নবজাগরণের অন্যতম পথিকৃৎ অক্ষয় কুমার দত্তের স্মৃতিধন্য বালির ‘শোভনোদ্যান’ হেরিটেজ ভবনটি সংরক্ষণ এবং তা সাধারণের জন্য উন্মুক্ত করার দাবিতে সরব হলেন রাজ্যের বিশিষ্টজনেরা। বুধবার কলকাতা প্রেস ক্লাবে বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতি আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই দাবি তোলা হয়।
বিখ্যাত অক্ষয় গবেষক আশিস কুমার লাহিড়ী বলেন, ভারতে যুক্তিবাদ ও বিজ্ঞানচেতনার প্রসারে অক্ষয় কুমার দত্তের অবদান আজও অপরিসীম। জীবনের শেষ পর্বে বালির দেওয়ানগাজীতে অবস্থিত এই ‘শোভনোদ্যান’-এ বসেই তিনি তাঁর বহু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করেছিলেন। একসময় এই উদ্যানটি গ্রন্থাগার, গবেষণাগার ও বিরল উদ্ভিদ সংগ্রহশালার এক অনন্য কেন্দ্র হিসেবে পরিচিত ছিল।
সমিতির সাধারণ সম্পাদক অনুপ সরকার জানান, দীর্ঘদিন ধরেই এই ঐতিহ্যবাহী স্থানটি রক্ষার জন্য আন্দোলন চলছে। জমি দখলের চেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর পাশাপাশি বিষয়টি নিয়ে জনস্বার্থ মামলাও দায়ের করা হয়েছে। অধ্যাপক শক্তিসাধন মুখোপাধ্যায় আক্ষেপ প্রকাশ করে বলেন, সরকারি সদিচ্ছা ও উদ্যোগের অভাবে এই অমূল্য সম্পদ আজ ধ্বংসের মুখে। তিনি মনে করেন, সাধারণ মানুষের জোরালো দাবিই পারে এই সংরক্ষণের পথকে আরও প্রশস্ত করতে।
উল্লেখ্য, ২০০৬ সালে হেরিটেজ স্বীকৃতি পেলেও বর্তমানে ‘শোভনোদ্যান’-এর অবস্থা অত্যন্ত শোচনীয়। এই প্রেক্ষাপটে আগামী ১২ এপ্রিল বালির রবীন্দ্র ভবনে একটি বিশেষ কনভেনশনের আয়োজন করা হয়েছে, যেখানে এই স্মৃতিবিজড়িত স্থানটি রক্ষার বিষয়ে পরবর্তী রূপরেখা তৈরি করা হবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত