জটিল মেরুদণ্ড অস্ত্রোপচারে সাফল্য, নজির ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজের
ঝাড়গ্রাম, ৮ এপ্রিল (হি.স.) : সীমিত পরিকাঠামোর মধ্যেও জটিল মেরুদণ্ডের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করে নজির গড়ল ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ। এই সাফল্যে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নত চিত্র উঠে এসেছে বলে মনে করছেন চিকিৎসক মহল। জানা গিয়েছ
জটিল মেরুদণ্ড অস্ত্রোপচারে সাফল্য, নজির ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজের


ঝাড়গ্রাম, ৮ এপ্রিল (হি.স.) : সীমিত পরিকাঠামোর মধ্যেও জটিল মেরুদণ্ডের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করে নজির গড়ল ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ। এই সাফল্যে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নত চিত্র উঠে এসেছে বলে মনে করছেন চিকিৎসক মহল।

জানা গিয়েছে, রোগী গায়ত্রী মাহাতো (১৮), ঝাড়খণ্ডের চাকুলিয়া থানার বালিদুমা গ্রামের বাসিন্দা। প্রায় এক মাস আগে একটি বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হন তিনি। প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বিপুল চিকিৎসা ব্যয়ের কারণে পরিবারটি তাঁকে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

চিকিৎসকদের মতে, দুর্ঘটনায় গায়ত্রীর কোমরের চারটি কশেরুকা ভেঙে যায় এবং মেরুদণ্ডে মারাত্মক চাপ সৃষ্টি হয়। দ্রুত অস্ত্রোপচার না হলে পক্ষাঘাতের আশঙ্কা ছিল।

স্বাস্থ্য ভবনের সহযোগিতায় প্রয়োজনীয় ইমপ্লান্ট সংগ্রহ করে গত ১ এপ্রিল প্রায় তিন ঘণ্টা ধরে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়। অস্থি বিভাগের প্রধান ডা. রঞ্জিত সাউয়ের নেতৃত্বে চিকিৎসক ধনঞ্জয় পান্ডা, সুদীপ্ত নায়েক ও চয়ন কুমার পাল অপারেশন করেন। অ্যানাস্থেসিয়া বিভাগে ছিলেন দেবজ্যোতি সুর, সত্যজিৎ বেরা ও বিভাগের প্রধান সৈকত মজুমদার। সব মিলিয়ে ১৪ জনের একটি চিকিৎসক দল এই অস্ত্রোপচারে অংশ নেয়।

বর্তমানে রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকদের পরামর্শে বেল্ট ব্যবহার করে ধীরে ধীরে হাঁটাচলাও শুরু করেছেন তিনি।

মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সুস্মিতা ভট্টাচার্য বলেন, জেলার মানুষ এখন উন্নত চিকিৎসা পরিষেবা পাচ্ছেন। অন্যদিকে ডা. রঞ্জিত সাউ জানান, সময়মতো অস্ত্রোপচার হওয়ায় বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।

রোগীর পরিবারও চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। গায়ত্রীর মা ব্রহ্মদেহী মাহাতো বলেন, বেসরকারি হাসপাতালে বিপুল খরচের কথা শোনার পর সরকারি হাসপাতালে বিনামূল্যে এমন চিকিৎসা পাওয়া তাঁদের কাছে অপ্রত্যাশিত ছিল।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande