ভোটার তালিকা থেকে ২৬ লক্ষ নাম বাদ! ভোটাধিকার রক্ষার দাবিতে সরব এসইউসিআই (সি)
কলকাতা, ৯ এপ্রিল (হি. স.) : পশ্চিমবঙ্গের ভোটার তালিকা নিয়ে এবার গুরুতর অনিয়মের অভিযোগ তুলে সরব হলো এসইউসিআই (কমিউনিস্ট)। দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য বৃহস্পতিবার এক প্রেস বিবৃতিতে এক বিস্ফোরক দাবি করেছেন। তাঁর অভিযোগ, রাজ্যের প্রায় ৬০ লক
ভোটার তালিকা থেকে ২৬ লক্ষ নাম বাদ! ভোটাধিকার রক্ষার দাবিতে সরব এসইউসিআই (সি)


কলকাতা, ৯ এপ্রিল (হি. স.) : পশ্চিমবঙ্গের ভোটার তালিকা নিয়ে এবার গুরুতর অনিয়মের অভিযোগ তুলে সরব হলো এসইউসিআই (কমিউনিস্ট)। দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য বৃহস্পতিবার এক প্রেস বিবৃতিতে এক বিস্ফোরক দাবি করেছেন। তাঁর অভিযোগ, রাজ্যের প্রায় ৬০ লক্ষ বিচারাধীন ভোটারের মধ্যে ২৬ লক্ষেরই নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

​বিবৃতিতে জানানো হয়েছে যে, বাদ পড়া এই বিপুল সংখ্যক নাগরিক শুনানির সময় প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়া সত্ত্বেও কেন তাঁদের নাম বাদ গেল, তা নিয়ে গভীর সংশয় তৈরি হয়েছে। ক্ষতিগ্রস্তরা ইতিমধ্যেই ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছেন। কিন্তু এসইউসিআই (সি)-এর অভিযোগ, ট্রাইব্যুনালের কাজ এখনও পুরোদমে শুরুই হয়নি, অথচ এর মধ্যেই গত ৬ এপ্রিল জাতীয় নির্বাচন কমিশন ভোটার তালিকা চূড়ান্ত বলে ঘোষণা করে দিয়েছে। দলের দাবি, এর ফলে এক বিশাল অংশের মানুষের গণতান্ত্রিক অধিকার একতরফাভাবে কেড়ে নেওয়ার চেষ্টা চলছে।

​এই সংকটজনক পরিস্থিতিতে এসইউসিআই (সি)-এর পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে জোরালো দাবি জানানো হয়েছে যাতে কোনো প্রকৃত ভোটারকে ভোটাধিকার থেকে বঞ্চিত না করা হয়। ট্রাইব্যুনাল যাঁদের ছাড়পত্র দেবে, তাঁদের জন্য অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করে প্রথম দফার ভোটের জন্য ১৫ এপ্রিল এবং দ্বিতীয় দফার জন্য ২২ এপ্রিল পর্যন্ত ভোটদানের সুযোগ বহাল রাখার কথা বলা হয়েছে। পাশাপাশি, যাঁদের আবেদনের নিষ্পত্তি এখনও হয়নি অথচ ২০২৫ সালের তালিকায় নাম ছিল, তাঁদের সকলকেই ভোটদানের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে দলটি। নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা এবং সাধারণ মানুষের সাংবিধানিক অধিকার রক্ষার প্রশ্নে এই দাবিকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 
 rajesh pande