
প্যারিস, ৯ এপ্রিল (হি.স.) : বুধবার রাতে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে লিভারপুলকে ২-০ গোলে হারিয়ে এগিয়ে গেল বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি।
দিজিরে দুয়ে শুরুতে দলকে এগিয়ে নেওয়ার পর, দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান খাভিচা কাভারাৎসখেলিয়া।
এই নিয়ে টানা তিন ম্যাচে হারল লিভারপুল। প্রিমিয়ার লিগে ব্রাইটনের মাঠে ২-১ গোলে হারের পর, গত শনিবার এফএ কাপের কোয়ার্টার-ফাইনালে হেরে ছিল ম্যানচেস্টার সিটির কাছে।
এদিন পুরো ম্যাচে কখনোই পিএসজিকে চ্যালেঞ্জ জানাতে পারেনি লিভারপুল। পিএসজি প্রায় ৭৫ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১৮টি শট নেয়, যার মধ্যে ছটি শট ছিল লক্ষ্যে। আর লিভারপুল দ্বিতীয়ার্ধে তিনটি শট নিলেও, কোনও শটই লক্ষ্যে ছিল না। আগামী মঙ্গলবার ফিরতি লেগ হবে লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি