
নয়াদিল্লি , ৯ এপ্রিল (হি.স.) : দীর্ঘ ২৪ বছর পর ফের লন্ডনে খেলতে নামছে ভারতীয় পুরুষ ফুটবল দল। ইংল্যান্ডে আয়োজিত ইউনিটি কাপ ২০২৬ প্রতিযোগিতায় অংশ নেবে ‘ব্লু টাইগার্স’।
এআইএফএফ-এর পক্ষ থেকে বুধবার রাতে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৬ থেকে ৩০ মে পর্যন্ত চার দলীয় এই আন্তর্জাতিক প্রীতি প্রতিযোগিতা লন্ডনের চার্লটন অ্যাথলেটিকের মাঠ ‘দ্য ভ্যালি’-তে অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতায় ভারতের পাশাপাশি অংশ নেবে নাইজেরিয়া, জ্যামাইকা ও জিম্বাবোয়ে। সূচী অনুযায়ী, ২৭ মে দ্বিতীয় সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ জ্যামাইকা। ম্যাচটি ভারতীয় সময় অনুযায়ী ২৮ মে রাত ১২টায় শুরু হবে। প্রথম সেমিফাইনালে ২৬ মে মুখোমুখি হবে নাইজেরিয়া ও জিম্বাবোয়ে। ফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ মে।
উল্লেখ্য, শেষবার ২০০২ সালে জ্যামাইকার বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলতে যুক্তরাজ্যে গিয়েছিল ভারতীয় দল। দীর্ঘ বিরতির পর আবার ইউরোপে খেলতে নামা দলের জন্য এই প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে ভারত ১৩৬ নম্বরে রয়েছে। অন্যদিকে নাইজেরিয়া ২৬, জ্যামাইকা ৭১ এবং জিম্বাবোয়ে ১৩০ নম্বরে অবস্থান করছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত