
কাঠমান্ডু, ৯ এপ্রিল (হি.স.) : হঠাৎ আবহাওয়ার পরিবর্তনে নেপালের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাত এবং নিম্নাঞ্চলে টানা বৃষ্টিতে জনজীবন ব্যাহত হয়েছে। একদিকে পর্যটন ক্ষেত্রে কিছুটা উৎসাহ তৈরি হলেও অন্যদিকে কৃষকদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা।
বুধবার দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তনের জেরে উচ্চ হিমালয় অঞ্চলে ব্যাপক তুষারপাত হয়। একই সময়ে রাজধানী কাঠমান্ডু-সহ পাহাড়ি ও সমতল এলাকায় রাতভর ভারী বৃষ্টির ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। বরফপাতের জেরে পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকের সংখ্যা বাড়তে শুরু করায় হোটেল ব্যবসায়ীরা আশাবাদী হলেও কৃষিক্ষেত্রে পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝড়ো হাওয়ার সঙ্গে লাগাতার বৃষ্টি ও তুষারপাতের ফলে উঁচু এলাকায় চারণভূমিতে থাকা ইয়াকসহ গবাদি পশুর খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে নিম্নাঞ্চলে আলু চাষের গুরুত্বপূর্ণ সময়ে বৃষ্টি ও শিলাবৃষ্টির কারণে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে যাঁরা ইতিমধ্যেই ভুট্টা বপন করেছেন, তাঁরা জমিতে পর্যাপ্ত আর্দ্রতার কারণে ভালো ফলনের আশা করছেন।
এদিকে তুষারপাতের কারণে বিভিন্ন পর্যটনস্থলে যাওয়ার পথে বহু যানবাহন আটকে পড়েছে। পর্যটন মরশুম শুরু হলেও অতিরিক্ত তুষারপাতের জেরে বেদিং ও নামা এলাকার জনজীবনও প্রভাবিত হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের মতে, এ বছর দেরিতে পার্বত্য অঞ্চলে ফিরেও লাগাতার তুষারপাত ও ঠান্ডা বেড়ে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবি উঠেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য