
মস্কো, ৯ এপ্রিল (হি.স.) : ইউক্রেন যুদ্ধের মধ্যে মানবিক উদ্যোগের অংশ হিসেবে নিহত সেনাদের দেহ ফেরত দেওয়ার প্রক্রিয়া অব্যাহত। এই প্রেক্ষিতে রাশিয়া ইউক্রেনকে ১০০০ সেনার দেহ হস্তান্তর করেছে। অন্যদিকে ইউক্রেন রাশিয়াকে ৪১ জন সেনার দেহ ফিরিয়ে দিয়েছে।
এই দেহ হস্তান্তর দুই দেশের মধ্যে চলতে থাকা নিয়মিত মানবিক বিনিময় প্রক্রিয়ারই অংশ, যার লক্ষ্য যুদ্ধক্ষেত্রে নিহত সেনাদের মর্যাদার সঙ্গে নিজ দেশে ফেরানো।
জানা গিয়েছে, গত বছর থেকে প্রায় প্রতি মাসেই এই ধরনের মানবিক উদ্যোগ চালানো হচ্ছে।
এর আগে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির উদ্যোগে ফেব্রুয়ারির শেষ দিকে একই ধরনের দেহ বিনিময় হয়। পাশাপাশি মার্চের শুরুতে কিয়েভ ও মস্কো ৩০০ জন করে যুদ্ধবন্দীকেও পরস্পরের কাছে ফিরিয়ে দেয়।
বিশেষজ্ঞদের মতে, দেহ ফেরতের সংখ্যার এই পার্থক্য যুদ্ধক্ষেত্রে দুই পক্ষের ক্ষয়ক্ষতির তারতম্যের ইঙ্গিত দেয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য