
নয়াদিল্লি, ১০ মে (হি.স.): সম্ভাব্য বন্যা ও তাপপ্রবাহ (লু) পরিস্থিতি মোকাবিলায় দেশের প্রস্তুতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে বিস্তারিত পর্যালোচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত এই বৈঠকে তিনি একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দেন।
বৈঠকে অমিত শাহ বলেন, জম্মু ও কাশ্মীর, লাদাখ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ ও সিকিমের ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ হ্রদের জন্য প্রাথমিক সতর্কতা ব্যবস্থা তৈরি করার পরিকল্পনা আরও সম্প্রসারিত করে কমপক্ষে ৬০টি হ্রদ অন্তর্ভুক্ত করতে হবে। এই ব্যবস্থা জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ)-এর সহযোগিতায় তৈরি করার নির্দেশও দেন তিনি।
তিনি আরও বলেন, কেন্দ্র ও রাজ্য স্তরে বন্যা পূর্বাভাসের জন্য একটি সমন্বিত ব্যবস্থা থাকা জরুরি। পাশাপাশি প্রতিটি রাজ্যে বন্যা সংকট ব্যবস্থাপনা দল (এফসিএমটি) গঠন ও সক্রিয় করার নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
অমিত শাহ জানান, দুর্যোগ মোকাবিলায় এনডিএমএ-র নির্দেশিকা সম্পর্কে সচেতনতা বেড়েছে এবং একটি সমন্বিত প্রশাসনিক পদ্ধতি তৈরি হয়েছে। তবে রাজ্য, জেলা ও পৌর স্তরে এই নির্দেশিকা কতটা কার্যকরভাবে মানা হচ্ছে, তা পর্যালোচনা করলে বাস্তবায়ন আরও শক্তিশালী হবে।
তিনি এনডিএমএ-কে একটি সমীক্ষা করার নির্দেশ দেন, যাতে বোঝা যায় কতগুলি রাজ্য বন অগ্নিকাণ্ড, লু ও বন্যা মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রক ও এনডিএমএ-র নির্দেশিকা অনুসরণ করছে।
বৈঠকে তিনি জল সংরক্ষণ ও ভূগর্ভস্থ জলস্তর উন্নয়নে চেক ড্যাম প্রকল্প ও জল সংরক্ষণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ওপর জোর দেন। একইসঙ্গে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় “সম্পূর্ণ সরকারি” ও “সম্পূর্ণ সামাজিক” দৃষ্টিভঙ্গি গ্রহণের আহ্বান জানান।
অমিত শাহ আরও বলেন, নতুন অ্যাপ বা পোর্টাল তৈরির পরিবর্তে বিদ্যমান ডিজিটাল ব্যবস্থাগুলিকে আরও উন্নত ও কার্যকর করতে হবে এবং আবহাওয়া সংক্রান্ত পরিকল্পনাগুলি সাধারণ মানুষের স্তর পর্যন্ত পৌঁছে দিতে হবে।
এই উচ্চপর্যায়ের বৈঠকে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি.আর. পাটিল, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, বিভিন্ন মন্ত্রকের সচিব ও শীর্ষ আধিকারিক, এনডিএমএ, এনডিআরএফ, আইএমডি, এনএইচএআই ও সিডব্লিউসি-র শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য