
বেঙ্গালুরু, ১০ মে (হি.স.): কর্ণাটকের পরিকল্পনা ও পরিসংখ্যান মন্ত্রী ডি সুধাকর প্রয়াত হয়েছেন। রবিবার ভোররাতে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৬ বছর। ফুসফুসের সংক্রমণজনিত কারণে মন্ত্রী দুই সপ্তাহেরও বেশি সময় ধরে লাইফ সাপোর্ট সিস্টেমে ছিলেন।
তিনি বেঙ্গালুরুর ইলেকট্রনিক সিটিতে অবস্থিত কেআইএমএস হাসপাতালে (কৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স) নিবিড় পরিচর্যায় ছিলেন। হাসপাতাল থেকে প্রকাশিত একটি মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে, রবিবার ভোররাত ৩.১৫ মিনিটে ডি সুধাকরের মৃত্যু হয়। সুধাকর কর্ণাটক বিধানসভায় হিরিয়ুর নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করতেন।
দলমত নির্বিশেষে বিশিষ্ট নেতারা ডি সুধাকরের প্রয়াণে শোক প্রকাশ করেছেন। কর্ণাটকের দায়িত্বপ্রাপ্ত এআইসিসি-র সাধারণ সম্পাদক রণদীপ সিং সুরজেওয়ালা এক শোকবার্তায় সুধাকরকে এমন একজন নেতা হিসেবে বর্ণনা করেছেন, যিনি “কংগ্রেসের আদর্শের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং হিরিয়ুর ও চিত্রদুর্গার জনগণের প্রতি চিরকাল নিবেদিতপ্রাণ ছিলেন।” সুরজেওয়ালা বলেন, শ্রী সুধাকর তাঁর সদা হাস্যময় স্বভাব, সরলতা এবং তৃণমূল স্তরের সঙ্গে সংযোগের জন্য অন্যরকম ছিলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ