
ঝাড়গ্রাম, ১০ মে (হি. স.): গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল ঝাড়গ্রাম শহরের লোকাল বোট এলাকায়। আগুনের লেলিহান শিখায় মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে যায় পরপর সাতটি দোকান। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন ও ঝাড়গ্রাম জেলা পুলিশের আধিকারিকরা।রবিবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে প্রথমে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর দ্রুত সেই আগুন পাশের দোকানগুলিতেও ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে মুহূর্তের মধ্যে গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। স্থানীয় বাসিন্দারাই প্রথম আগুন দেখতে পেয়ে দমকলে খবর দেন।খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে সাতটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। যদিও ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে দমকল কর্মী ও স্থানীয়দের অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়