
মিয়ামি (মার্কিন যুক্তরাষ্ট্র), ১০ মে (হি স): আমেরিকার মিয়ামির জনপ্রিয় হাউলোভার স্যান্ডবারে আচমকাই প্রবল বিস্ফোরণে দাউদাউ করে জ্বলে ওঠে গোটা ক্রুজ। আগুনে ঝলসে গুরুতর জখম হন ১৫ জন। শনিবার দুপুরের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
দুর্ঘটনার পরেই শুরু হয় উদ্ধারকাজ। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় ‘লেভেল ২ মাস ক্যাজুয়ালটি’ ঘোষণা করেছেন উদ্ধারকারী কর্তৃপক্ষ। কী ভাবে বিস্ফোরণ ঘটল, তা এখনও জানা যায়নি।
দক্ষিণ ফ্লোরিডার সবচেয়ে ব্যস্ত বোটিং স্পটগুলির মধ্যে হাউলোভার স্যান্ডবার অন্যতম। এখানে জল অতটা গভীর নয়। সপ্তাহান্তে অনেকেই ভিড় জমান। পার্টি করেন, সাঁতার কাটেন। এ দিনও ক্রুজে পার্টি করছিলেন পর্যটকরা। ক্রুজের ডেকে ছিলেন অনেকেই। আচমকাই প্রবল শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। বিস্ফোরণের তীব্রতায় জলে ছিটকে পড়েন বহু যাত্রী। আগুনে ঝলসেও যান অনেকে। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের ক্রুজেও হইচই পড়ে যায়।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত