
শ্রীনগর, ১০ মে (হি.স.): জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা রবিবার গান্ডেরবাল সফরে গিয়ে প্রায় ৪০ কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করলেন। এই সফরে তিনি সিন্ধ রিভারফ্রন্ট প্রকল্পের প্রথম পর্যায়ের শিলান্যাস করেন। পাশাপাশি পর্যটন, নগর পরিকাঠামো এবং স্বাস্থ্য পরিষেবা উন্নয়নের লক্ষ্যে একাধিক প্রকল্পের উদ্বোধন ও পরিদর্শন করেন।
মুখ্যমন্ত্রীর সফরের অন্যতম আকর্ষণ ছিল সিন্ধ নদীর তীরে গড়ে ওঠা সিন্ধ রিভারফ্রন্ট প্রকল্পের প্রথম পর্যায়ের কাজের সূচনা। এই প্রকল্পের মাধ্যমে নদী তীরবর্তী এলাকায় আধুনিক জনপরিসর তৈরি করে পর্যটনের বিকাশ এবং এলাকার প্রাকৃতিক সৌন্দর্য আরও আকর্ষণীয় করে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। গান্ডেরবাল জেলা হাসপাতালে অত্যাধুনিক ডেক্সা স্ক্যান এবং ফাইব্রো স্ক্যান পরিষেবার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। আধুনিক এই রোগ নির্ণয় ব্যবস্থা চালু হওয়ায় রোগীদের উন্নত চিকিৎসা পরিষেবা মিলবে এবং বাইরে স্থানান্তর করবার প্রয়োজন অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, মধ্য কাশ্মীর জুড়ে নাগরিক পরিষেবা, স্বাস্থ্য পরিকাঠামো এবং পর্যটন ব্যবস্থার উন্নয়নের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই এই প্রকল্পগুলি নেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দা ও প্রশাসনিক কর্তারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য