
চণ্ডীগড়, ১০ মে (হি.স.) : বহু প্রতীক্ষিত হালওয়ারা বিমানবন্দর থেকে দিল্লিগামী প্রথম উড়ান আগামী ১৫ মে সকাল ৫টা ৫৫ মিনিটে রওনা দেবে। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে চালু হতে চলেছে হালওয়ারা বিমানবন্দরের পরিষেবা। তবে পরিষেবা শুরুর আগে যাত্রীদের উৎসাহ এখনও প্রত্যাশিত মাত্রায় পৌঁছয়নি।
এই রুটের প্রথম উড়ানের জন্য এখনও পর্যন্ত মাত্র প্রায় ৪০ শতাংশ আসন বুক হয়েছে। এই রুটে ১৩৮ আসনের বিমান চালানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। কর্তৃপক্ষের ধারণা, নতুন বিমানবন্দরের উপর সাধারণ মানুষের আস্থা তৈরি হতে অন্তত ছয় মাস সময় লাগতে পারে। দিল্লি থেকে হালওয়ারা আসা প্রথম উড়ান এবং হালওয়ারা থেকে দিল্লি ফেরত সকালের উড়ান— দু’ক্ষেত্রেই যাত্রীর সংখ্যা কম। ফেরত উড়ানে এখনও পর্যন্ত মাত্র প্রায় ৩৫টি আসন বুক হয়েছে। আগামী কয়েক দিনের বিমানগুলিতেও বুকিং ১০ থেকে ১৫ শতাংশের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।
রবিবার এয়ার ইন্ডিয়ার আধিকারিকরা জানিয়েছেন, আগামী কয়েক মাস পরিস্থিতির উপর নজর রাখা হবে এবং যাত্রীদের আস্থা অর্জনের চেষ্টা করা হবে।
অ্যাসোসিয়েশন অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিংসের সভাপতি পঙ্কজ শর্মা জানান, তিনি জুন মাসে কলকাতা যাওয়ার জন্য হালওয়ারা থেকে টিকিট কাটার কথা ভেবেছিলেন। কিন্তু দীর্ঘ লে-ওভার (অপেক্ষমান সময়)-এর কারণে সেই পরিষেবা সুবিধাজনক মনে হয়নি।
অনেক যাত্রী এখনও শতাব্দী এক্সপ্রেস ও বন্দে ভারত এক্সপ্রেসের মতো ট্রেনকেই বেশি সুবিধাজনক ও নির্ভরযোগ্য বলে মনে করছেন। বিশেষজ্ঞদের মতে, হালওয়ারা থেকে বিমান পরিষেবা জনপ্রিয় হতে এখনও কিছুটা সময় লাগবে।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য