আপডেট...হিমন্তবিশ্ব শর্মাই এনডিএ-র বিধায়ক দলের নেতা মনোনীত, ঘোষণা নাড্ডার
- আগামী ১২ মে খানাপাড়া ময়দানে শপথ গ্রহণ, থাকবেন প্রধানমন্ত্রী মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, বিজেপি ও এনডিএ-শাসিত ২১টি রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রীগণ এবং অন্যান্য কেন্দ্রীয় নেতৃবর্গ - দ্বিতীয় মেয়াদের মুখ্যমন্ত্রী ড. শর্মাকে শুভেচ্ছা বিজেপ
এনডিএ-র বিধায়ক দলের নেতা হিমন্তবিশ্ব শর্মাকে বিশাল মালা পরিয়ে সংবর্ধনা


হিমন্তবিশ্ব শর্মার সঙ্গে আলিঙ্গন প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়ার


- আগামী ১২ মে খানাপাড়া ময়দানে শপথ গ্রহণ, থাকবেন প্রধানমন্ত্রী মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, বিজেপি ও এনডিএ-শাসিত ২১টি রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রীগণ এবং অন্যান্য কেন্দ্রীয় নেতৃবর্গ

- দ্বিতীয় মেয়াদের মুখ্যমন্ত্রী ড. শর্মাকে শুভেচ্ছা বিজেপির প্রদেশ সভাপতি দিলীপের

গুয়াহাটি, ১০ মে (হি.স.) : প্রত্যাশা মতো ড. হিমন্তবিশ্ব শর্মাই দ্বিতীয় মেয়াদের এনডিএ-র বিধায়ক দলের নেতা মনোনীত হয়েছেন। ঘোষণা করেছেন জাতীয় পর্যবেক্ষক জেপি নাড্ডা। আগামী ১২ মে গুয়াহাটির খানাপাড়া পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের মাঠে বহু লক্ষ জনতার উপস্থিতিতে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন ড. হিমন্তবিশ্ব শর্মা। শপথ গ্রহণ অনুষ্ঠানে লক্ষাধিক জনতার সঙ্গে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি ও এনডিএ-শাসিত ২১টি রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রীগণ এবং অন্যান্য কেন্দ্রীয় নেতৃবর্গ।

আজ রবিবার বিজেপির প্রদেশ সদর দফতর অটলবিহারী বাজপেয়ী ভবনে অনুষ্ঠিত সভায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং এনডিএ-র শরিক দল অসম গণ পরিষদ (অগপ), বড়োল্যান্ড পিপলস ফ্রন্ট (বিপিএফ), রাভা-হাসং যৌথ মঞ্চ, সম্মিলিত গণ শক্তি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থনে নির্বাচিত ১০২ জন বিধায়ক ড. হিমন্তবিশ্ব শর্মাকে দ্বিতীয় মেয়াদের জন্য বিধায়ক দলের নেতা মনোনীত করেছেন।

পরিষদীয় দলনেতা নির্বাচনের জন্য অনুষ্ঠিত সভায় ছিলেন জাতীয় পর্যবেক্ষক ও কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা, সহ-পর্যবেক্ষক ও হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি, অসম প্রদেশ সভাপতি ও সাংসদ দিলীপ শইকিয়া, অসমের দায়িত্বপ্রাপ্ত হরিশ দ্বিবেদী, অসমে দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জিআর রবীন্দ্র রাজু, অসম গণ পরিষদের সভাপতি অতুল বরা, বিটিসির উপ-মুখ্য কার্যনির্বাহী সদস্য রিহন দৈমারি সহ বিজেপির অন্যান্য শীর্ষ নেতারা।

এদিকে ড. হিমন্তবিশ্ব শর্মাকে পুনরায় বিজেপি দলের নেতা এবং এনডিএর পরিষদীয় নেতা নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া। তিনি আশা প্রকাশ করে বলেছেন, ড. শর্মার নেতৃত্বে আগামী পাঁচ বছরে অসমের সর্বাঙ্গীণ উন্নয়ন আরও শক্তিশালী হবে।

ছাত্রজীবন থেকে সংসদীয় রাজনীতিতে দীর্ঘ ৩০ বছরের অভিজ্ঞতা নিয়ে ড. শর্মা অসমের রাজনীতিতে এক বিশেষ স্থান অর্জন করেছেন। তিনি টানা দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণকারী রাজ্যের চতুর্থ ব্যক্তি হবেন।

২০১৬ সাল থেকে বিজেপির নেতৃত্বে রাজ্যে চলমান উন্নয়নের ধারাবাহিকতায় ১০২টি আসন জিতে নতুন রেকর্ড গড়ে আবারও সেবা করার সুযোগ দেওয়ার জন্য রাজ্যের জনগণকে ধন্যবাদ জানিয়েন দিলীপ শিইকিয়া।

এছাড়া তৃতীয়বারের জন্য অসমে এনডিএ সরকার গঠনে নেতৃত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল সহ জাতীয় নেতৃত্বকে কৃতজ্ঞতা জানিয়েছেন দিলীপ শইকিয়া।

আগামী ১২ মে সকাল ১১টা থেকে শুরু হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং দেশের ২১টি বিজেপি ও এনডিএ-শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এছাড়া অনুষ্ঠানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ-এর বিভিন্ন স্তরের পদাধিকারী, বিজেপির জেলা থেকে বুথ সভাপতি, পঞ্চায়েত প্রতিনিধি, বিভিন্ন স্বশাসিত সংস্থা (পুর, নগর নিগম ইত্যাদি)-র প্রধান ও উপপ্রধান, স্বশাসিত পরিষদের সদস্য এবং দলের বিভিন্ন শাখার পদাধিকারীরাও উপস্থিত থাকবেন বলে দলের প্রদেশ মুখপাত্র প্রাঞ্জল কলিতা জানিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande