
বসিরহাট, ১০ মে (হি. স.): দীর্ঘ ১৪ বছরের প্রতিজ্ঞা পূরণ করলেন উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার খাসপুর গ্রামের বাসিন্দা আশুতোষ পাল ওরফে তুলসি কাকা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পতনের পর রবিবার প্রকাশ্যে নিজের দীর্ঘদিনের না-কাটা চুল ও দাড়ি কেটে প্রতিজ্ঞার ইতি টানলেন তিনি। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে।৬৩ বছরের আশুতোষ পাল পেশায় চায়ের দোকানি এবং দীর্ঘদিনের বাম সমর্থক। তাঁর দাবি, ২০১১ সালে রাজ্যে পালাবদলের পর একটি ঘটনায় তিনি মানসিকভাবে আঘাত পান। এরপরই তিনি সিদ্ধান্ত নেন, তৃণমূল সরকার ক্ষমতায় থাকা পর্যন্ত আর চুল-দাড়ি কাটবেন না। সেই প্রতিজ্ঞা টানা ১৪ বছর ধরে পালন করেন তিনি।রবিবার সকাল থেকে রামচন্দ্রপুর বাজার এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ভিড় জমে। বেলা ১১টা নাগাদ একটি অনুষ্ঠানের মাধ্যমে তিনি চুল-দাড়ি কাটেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা মহম্মদ সেলিম, বিশ্বজিৎ মণ্ডল, শংকর ঘোষ-সহ বিরোধী শিবিরের একাধিক নেতা-কর্মী।এই উপলক্ষে প্রায় ৫০০ মানুষের জন্য ভোজের ব্যবস্থাও করেন আশুতোষ পাল। তাঁর এই প্রতিজ্ঞা পূরণের ঘটনা ঘিরে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়