
ঝাড়গ্রাম, ১০ মে (হি.স.): জঙ্গলমহলের রাজনৈতিক পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক না হওয়ার মধ্যেই ঝাড়গ্রামের বিনপুরের শিলদায় তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সদস্য প্রশান্ত লাহার দোকানে হাতে লেখা পোস্টার ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা দোকানের সামনে সাদা কাগজে হাতে লেখা একাধিক পোস্টার দেখতে পান। সেখানে এলাকার বিভিন্ন অসম্পূর্ণ উন্নয়নমূলক কাজ ও জনদাবির প্রসঙ্গ তুলে ধরে সরাসরি “প্রশান্ত লাহা জবাব দাও” লেখা ছিল। পোস্টারে ভুঁইয়া পাড়ার ঢালাই রাস্তা, আইসিডিএস সেন্টারের ছাউনি, মোড়ে মোড়ে সোলার লাইটসহ একাধিক কাজের দাবি উল্লেখ করা হয়েছে। যদিও কোথাও কোনও রাজনৈতিক দলের নাম নেই এবং “সব প্রশ্ন সম্পূর্ণ অরাজনৈতিক” ও “জনগণ জবাব চাই” বলেও উল্লেখ করা হয়েছে।
ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। তবে পঞ্চায়েত সূত্রে দাবি, পোস্টারে উল্লিখিত দাবিগুলি আগেই “আমাদের পাড়া, আমাদের সমাধান” প্রকল্পে নথিভুক্ত করা হয়েছিল। প্রকল্পের আওতায় কিছু কাজ শুরু হলেও বিধানসভা ভোট ঘোষণার পর বাকি কাজ থমকে যায়।
এ বিষয়ে পঞ্চায়েত সদস্য প্রশান্ত লাহা বলেন, “আমাদের পাড়া, আমাদের সমাধান প্রকল্পে এলাকার বিভিন্ন দাবি নথিভুক্ত করা হয়েছিল। ভোটের ঘোষণা হয়ে যাওয়ার কারণে শিলদার ছ’টি বুথ এলাকায় কাজ শুরু করা যায়নি। ব্লক প্রশাসনের অনুমোদন পেলেই কাজ শুরু হবে। পোস্টারে যে দাবিগুলির কথা বলা হয়েছে, সেগুলিও প্রকল্পে অন্তর্ভুক্ত রয়েছে।”
শিলদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্পিতা মল্লিক মণ্ডল বলেন, “এলাকার মানুষের দাবি শিবিরের মাধ্যমে নথিভুক্ত করা হয়েছে এবং তা ব্লক প্রশাসনের কাছে পাঠানো হয়েছে। কিছু কাজ শুরু হয়েছিল। কিন্তু ভোটের দিন ঘোষণা হয়ে যাওয়ায় বাকি কাজ বন্ধ হয়ে যায়। আশা করছি আগামী দিনে সেগুলি সম্পূর্ণ করা সম্ভব হবে।”
অন্যদিকে, স্থানীয় এক বাসিন্দা অভিযোগ করেছেন, পঞ্চায়েতের নানা সমস্যা ও সাধারণ মানুষের অভিযোগ দীর্ঘদিন ধরে গুরুত্ব পায়নি। তবে এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি বিনপুর-২ ব্লকের বিডিও মণিময় ঘোষ।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো