
লখনউ, ১০ মে (হি.স.): মাতৃ দিবস উপলক্ষে রবিবার উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল ‘ক্যানসার ফ্রি ওমেন ভারত যাত্রা–আনন্দী মা এক জীবন বাঁচাও অভিযান’-এর সূচনা করেন। জন ভবন থেকে স্ত্রী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই সচেতনতা যাত্রার সূচনা করেন রাজ্যপাল।
সচেতনতা যাত্রা জন ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মহাত্মা গান্ধী মার্গ, অটল চক, পার্ক রোড, ডঃ ভীমরাও আম্বেদকর মার্গ, সিভিল চৌরাস্তা এবং ভানুমতি রোড হয়ে সরোজিনী নাইডু মার্গ মোড়ে গিয়ে শেষ হয়। এই মিছিলটির মাধ্যমে মহিলাদের স্বাস্থ্য, ক্যানসার সম্পর্কে সচেতনতা এবং সুস্থ ভারতের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়।
অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, মহিলাদের সুস্বাস্থ্য শুধু পরিবারের নয়, গোটা সমাজের শক্তির ভিত্তি। সময়মতো পরীক্ষা ও সচেতনতার মাধ্যমে ক্যানসারের মতো গুরুতর রোগ প্রতিরোধ সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
এই সচেতনতা যাত্রায় ১৩০ জনেরও বেশি মানুষ অংশ নেন। “সুস্থ মা–নিরাপদ ভবিষ্যৎ” বার্তা ছড়িয়ে দিতে নারী, যুবক-যুবতী এবং সমাজকর্মীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত সকলেই শপথ নেন— “প্রতিটি মা নিরাপদ হোক, প্রতিটি বোন সচেতন হোক এবং প্রতিটি কন্যা সুস্থ ও সবল হয়ে উঠুক।”
রাজ্যপাল সংগঠনটিকে ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে কাজ করার আহ্বান জানান। তাঁর বক্তব্য, এই ধরনের উদ্যোগ সমাজে নতুন সচেতনতা ও ইতিবাচক পরিবর্তনের পথ দেখায়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য