
ভোপাল , ১০ মে (হি.স.) : গ্রামীণ সংযোগ ব্যবস্থাকে আরও মজবুত করতে মধ্যপ্রদেশে একাধিক বড় ঘোষণা করল কেন্দ্রীয় ও রাজ্য সরকার। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা এবং প্রধানমন্ত্রী-জনমন প্রকল্পের আওতায় রাজ্যে ৯৭৩টি নতুন সড়ক নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পগুলির মাধ্যমে ৯৮৭টি গ্রামীণ বসতি যুক্ত হবে। পাশাপাশি ২৬১ কোটি টাকার আদিবাসী সড়ক প্রকল্পেও ছাড়পত্র মিলেছে।
রবিবার সেহোর জেলার ভৈরুন্দায় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা (পিএমজিএসওয়াই) ফেজ-৪ এবং প্রধানমন্ত্রী-জনমন প্রকল্পের কাজের সূচনা অনুষ্ঠানে এই ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, মুখ্যমন্ত্রী ড. মোহন যাদবের নেতৃত্বে মধ্যপ্রদেশে উন্নয়নের মহাযজ্ঞ চলছে। তাঁর দাবি, রাজ্যের কোনও গ্রাম আর পাকা সড়ক থেকে বঞ্চিত থাকবে না।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব, কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন ও যোগাযোগ প্রতিমন্ত্রী ড. চন্দ্রশেখর পেম্মাসানি, কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন প্রতিমন্ত্রী কমলেশ পাসোয়ান-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এদিন পিএমজিএসওয়াই-এর ২৫ বছরের যাত্রা নিয়ে একটি স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্রও প্রদর্শিত হয়।
শিবরাজ সিং চৌহান জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় ২ হাজার ৫৫ কোটি টাকার আর্থিক সহায়তার অনুমোদনপত্র মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি বলেন, রাজ্যে কোনও দরিদ্র মানুষ গৃহহীন থাকবে না।
তিনি আরও দাবি করেন, গ্রামীণ সড়ক নির্মাণে মধ্যপ্রদেশ বর্তমানে দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে। কেন্দ্র সরকার বিভিন্ন রাজ্যের জন্য মোট ১৮ হাজার ৯০৭ কোটি টাকা বরাদ্দ করেছে, যার মধ্যে মধ্যপ্রদেশ পেয়েছে ৮৩০ কোটি টাকা।
মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব বলেন, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা গ্রামীণ ভারতের চেহারা বদলে দিয়েছে। এখন গ্রামের শেষ প্রান্ত পর্যন্ত পাকা সড়ক পৌঁছে যাওয়ায় যাতায়াত অনেক সহজ হয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, পিএমজিএসওয়াই-ফেজ ৪ এর অধীনে ১ হাজার ৭৬৩ কোটি টাকার প্রকল্পে ৯৭৩টি নতুন সড়ক (মোট ২ হাজার ১১৭ কিমি) নির্মাণ করা হবে। পাশাপাশি প্রধানমন্ত্রী-জনমন প্রকল্পে ২৬১ কোটি টাকার ৩৮৪ কিমি দীর্ঘ সড়ক প্রকল্প অনুমোদিত হয়েছে, যা ১৬৮টি জনজাতি অধ্যুষিত এলাকাকে সরাসরি উপকৃত করবে।
অনুষ্ঠানে কেন্দ্রীয় ও রাজ্য স্তরের একাধিক মন্ত্রী বক্তব্য রাখেন। বিভিন্ন ক্ষেত্রে সেরা পারফরম্যান্সের জন্য রাজ্যগুলিকে সম্মানিত করা হয়, যেখানে মধ্যপ্রদেশ একাধিক বিভাগে শীর্ষস্থান অর্জন করেছে।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য