
কাঁথি, ১০ মে (হি.স.): পূর্ব মেদিনীপুরের খেজুরির নিজকাশবা সমুদ্রসৈকত সংলগ্ন হিজলি মসনদ-ই-আলার মাজার ও পর্যটন কেন্দ্র এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৪০টিরও বেশি অস্থায়ী ঝুপড়ি দোকান। শনিবার গভীর রাতে আচমকাই আগুন ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন দ্রুত এক দোকান থেকে অন্য দোকানে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কাঁথি থেকে দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। দীর্ঘ সময়ের চেষ্টার পর দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ঘটনাস্থলে আসে তালপাটিঘাট কোস্টাল থানার পুলিশও। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। অগ্নিকাণ্ডে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকানদারেরা।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ