
গুয়াহাটি, ১০ মে (হি.স.) : গুয়াহাটিতে লোক ভবনে গিয়ে রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্যের সঙ্গে সাক্ষাৎ করে অসমে পরবর্তী সরকার গঠনের জন্য আনুষ্ঠানিকভাবে দাবি জানিয়েছেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ)-এর নেতৃবৃন্দ।
আজ রবিবার বিজেপির প্রদেশ সদর দফতর অটলবিহারী বাজপেয়ী ভবনে অনুষ্ঠিত সভায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং এনডিএ-র শরিক দল অসম গণ পরিষদ (অগপ), বড়োল্যান্ড পিপলস ফ্রন্ট (বিপিএফ), রাভা-হাসং যৌথ মঞ্চ, সম্মিলিত গণ শক্তি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থনে নির্বাচিত ১০২ জন বিধায়ক ড. হিমন্তবিশ্ব শর্মাকে দ্বিতীয় মেয়াদের জন্য বিধায়ক দলের নেতা মনোনীত করেছেন। ফলে দ্বিতীয় মেয়াদের নতুন সরকারের মুখ্যমন্ত্রী হচ্ছে ড. হিমন্তবিশ্ব শর্মা, এটা নিশ্চিত।
রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎকালে এনডিএ-র প্রতিনিধি দলে ছিলেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক জেপি নাড্ডা, সহ-পর্যবেক্ষক নয়াব সিং সাইনি, অসম প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া, অসমের দায়িত্বপ্রাপ্ত হরিশ দ্বিবেদী, অসমে দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জিআর রবীন্দ্র রাজু, এনডিএভুক্ত অসম গণ পরিষদের সভাপতি অতুল বরা, বিটিসির উপ-মুখ্য কার্যনির্বাহী সদস্য রিহন দৈমারি সহ বিজেপির অন্যান্য শীর্ষ নেতারা।
সরকারি সূত্রে জানা গেছে, রাজ্য পরবর্তী সরকার গঠনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রদত্ত দাবিপত্রে এনডিএ-র তিন শরিক দলের প্রতিনিধিদের স্বাক্ষর রয়েছে। দলগুলি ভারতীয় জনতা পার্টি, অসম গণ পরিষদ এবং বডোল্যান্ড পিপলস ফ্রন্ট।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস