
গুয়াহাটি, ১০ মে (হি.স.) : সময়ানুবর্তিতা এবং যাত্রীদের সুবিধার্থে অতিরিক্ত মেল/এক্সপ্রেস, প্যাসেঞ্জার, ডিএমইউ এবং দীর্ঘ দূরপাল্লার ট্রেনের সময়সূচিতে গুরুত্বপূর্ণ সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণ করেছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে। সময়ানুবর্তিতা উন্নীতকরণ, ট্রেন পরিচালন ব্যবস্থাকে সুশৃঙ্খল করা এবং অসম সহ উত্তর-পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্য, পার্শ্ববর্তী অঞ্চল ও তার বাইরের যাত্রীদের অধিকতর সুবিধা প্রদানের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে ৮০র বেশি ট্রেন পরিষেবায় সংশোধিত সময়সূচি চালু করা হয়েছে। এই পরিবর্তনগুলো উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের দিকে এবং সেখান থেকে চলাচলকারী বহু সংখ্যক গুরুত্বপূর্ণ ট্রেনকে অন্তর্ভুক্ত করে।
আজ রবিবার উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এ খবর দিয়ে জানান, গত ৩০ এপ্রিল থেকে ওই ট্রেনগুলির সময়সূচি সংশোধন করা হয়েছে। এগুলোর মধ্যে ১২০৮৭/১২০৮৮ নাহরলগুন-গুয়াহাটি শতাব্দী এক্সপ্রেস, ২০৫০১/২০৫০২ আনন্দ বিহার-আগরতলা তেজস রাজধানী এক্সপ্রেস, ১২৪২৩/১২৪২৪ ডিব্রুগড়-নিউদিল্লি রাজধানি এক্সপ্রেস, ১৫৬৪১/১৫৬৪২ শিলচর-নিউ তিনসুকিয়া এক্সপ্রেস, ১৫৬৬৯/১৫৬৭০ গুয়াহাটি-ডিব্রুগড় এক্সপ্রেস এবং ১৫৬৭৫/১৫৬৭৬ গুয়াহাটি-নিউ জলপাইগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস রয়েছে। গুয়াহাটি, কামাখ্যা, লামডিং, নিউ হাফলং, বদরপুর, ডিব্রুগড়, নিউ তিনসুকিয়া, রঙিয়া, শিলচর এবং আগরতলা সহ গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতেও সংশোধিত সময়গুলি কার্যকর করা হয়েছে। এই জোনের বিভিন্ন অংশ জুড়ে উন্নত সংযোগ এবং ট্রেনের সুগম চলাচল নিশ্চিত করতে অসম ও ত্রিপুরার বেশ কয়েকটি প্যাসেঞ্জার ও ডিএমইউ পরিষেবার সময়সূচিও পরিবর্তন করা হয়েছে।
সংশোধিত সময়সূচিগুলো পরিচালনগত অপেক্ষা কমাতে, বিভিন্ন অংশের মধ্যে চলাচল সময় ব্যবস্থাপনা উন্নত করতে এবং কম ও দীর্ঘ দূরত্বের পরিষেবায় ভ্রমণকারী যাত্রীদের জন্য অধিকতর সময়ানুবর্তিতা নিশ্চিত করতে সহায়ক হবে বলে আশা করছেন এনএফ রেলওয়ে কর্ত-পক্ষ। এই পরিবর্তনগুলো গুরুত্বপূর্ণ জংশন ও টার্মিনালগুলোতে উন্নত সংযোগ বজায় রাখতে সহায়তা করার পাশাপাশি, উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের ট্রেন পরিচালনার সামগ্রিক দক্ষতা বৃদ্ধিতেও উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। এরই পরিপ্রেক্ষিতে যাত্রা শুরুর আগে এনটিইএস, পিআরএস এনকুয়ারি সিস্টেম অথবা সমীপবর্তী রেলওয়ে স্টেশন থেকে সংশোধিত সময়সূচি যাচাই করে নিতে যাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস