
কলকাতা, ১০ মে (হি. স.) : নন্দীগ্রামের ভূমিপুত্র তথা রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাসভবন বদল এখন কার্যত সময়ের অপেক্ষা। নিরাপত্তার খাতিরে এবং প্রশাসনিক কাজের সুবিধার্থে কাঁথির বাড়ি ছেড়ে পাকাপাকিভাবে কলকাতায় থাকতে চলেছেন তিনি। দক্ষিণ কলকাতার আলিপুরে রাজ্য সরকারের আবাসন ‘সৌজন্য’-তেই হতে চলেছে তাঁর নতুন ঠিকানা।
প্রশাসনিক সূত্রের খবর, কাঁথির বাড়ি থেকে কলকাতায় প্রতিদিন যাতায়াত করা একজন মুখ্যমন্ত্রীর পক্ষে অত্যন্ত দুরূহ। দীর্ঘ পথ অতিক্রম করতে গিয়ে কোলাঘাট ব্রিজ বা কোনা এক্সপ্রেসওয়ের নিত্য যানজট বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। এছাড়া ট্রাফিক নিয়ন্ত্রণ, নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষার খাতিরেও প্রতিদিন এই দীর্ঘ পথ যাতায়াতে যথেষ্ট আপত্তি রয়েছে নিরাপত্তা দফতরের। অন্যদিকে, জনপ্রতিনিধি হিসেবে ভোটারদের চাহিদা পূরণ এবং নাগরিকদের অভাব-অভিযোগ শোনার জন্য তাঁর কলকাতায় থাকা এখন অপরিহার্য হয়ে পড়েছে।
উল্লেখ্য, বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারী সপ্তাহের দিনগুলিকে ভাগ করে নিতেন। সপ্তাহের ৪ দিন কলকাতায় এবং ৩ দিন জেলায় থেকে তিনি সাংগঠনিক কাজ সামলাতেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর সেই কর্মসূচিতে বড় বদল আসতে চলেছে। এখন থেকে প্রটোকল মেনেই তাঁর যাবতীয় কার্যক্রম নির্ধারিত হবে।
প্রাথমিকভাবে জানা গেছে, আলিপুরের অত্যাধুনিক আবাসন ‘সৌজন্য’-কেই মুখ্যমন্ত্রীর বাসভবন হিসেবে চূড়ান্ত করা হয়েছে। পূর্বতন সরকারের আমলে ভিভিআইপিদের থাকার জন্য এই আবাসনটি তৈরি করা হয়েছিল। আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন এই আবাসনটি মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ও প্রশাসনিক কাজের জন্য সবথেকে উপযোগী বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। খুব শীঘ্রই তিনি সেখানে বসবাস শুরু করবেন বলে জানা গেছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত