
বেঙ্গালুরু, ১০ মে (হি.স.): বিজেপি সরকারের কাছে জনকল্যাণই সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ, জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সকালে বেঙ্গালুরুতে আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, আমাদের মূলমন্ত্র হলো সবকা সাথ, সবকা বিকাশ। আমাদের আদর্শ হলো সুশাসন। সেই কারণেই প্রতিটি রাজ্যে জনগণ বিজেপিকে দ্বিতীয়-তৃতীয়বারের মতো ক্ষমতায় আসার সুযোগ করে দেয়। কিন্তু কংগ্রেসের কোনও রাজ্য সরকারই দ্বিতীয়বারের মতো ক্ষমতায় ফিরতে পারেনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা কেন্দ্রে ১২ বছর ধরে ক্ষমতায় আছি, দেশের ২১টিরও বেশি রাজ্যে বিজেপি-এনডিএ সরকার রয়েছে। আমরা রাজ্যের উন্নয়নকে দেশের উন্নয়নে পরিণত করার মন্ত্র নিয়ে কাজ করছি। কিন্তু, অন্যদিকে কংগ্রেসের দিকে তাকান, যে দলকে ৪০ বছর আগে ৪০০-র বেশি আসন দেওয়া হয়েছিল। গত ৩টি নির্বাচনে, সবকিছু যোগ করেও তারা ১০০-র সংখ্যা ছুঁতে পারেনি। মোদী বলেন, আপনাদের মনে থাকবে, মাত্র ১০ বছর আগেও বাংলায় আমাদের মাত্র ৩ জন বিধায়ক ছিলেন। কিন্তু এখন সেখানে ২০০ জনেরও বেশি বিধায়ক নিয়ে বিজেপি সরকার রয়েছে। এখন কেরলমেও আমরা ১ জন থেকে ৩ জন বিধায়কে পৌঁছেছি। এখন সেই দিন বেশি দূরে নয়, যখন কেরলমেও বিজেপি-এনডিএ জোটের সংখ্যা ৩ থেকে সংখ্যাগরিষ্ঠতার সীমা অতিক্রম করবে।
প্রধানমন্ত্রী এও বলেন, সাহস ও শক্তির উত্তরাধিকারই আমাদের সর্বশ্রেষ্ঠ শক্তি। এই চেতনায় অনুপ্রাণিত হয়ে আমরা তিন দিন আগে ‘অপারেশন সিঁদুর’-এর প্রথম বার্ষিকী পালন করেছি। আগামীকাল সকালে, ১১ তারিখে, আমি গুজরাটের সোমনাথে থাকব, যেখানে মন্দির পুনর্নির্মাণের উৎসব অনুষ্ঠিত হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ