সঞ্জীব অরোরার গ্রেফতারি ঘিরে উত্তপ্ত পঞ্জাব, একাধিক জেলায় বিক্ষোভ
চণ্ডীগড়, ১০ মে (হি.স.): পঞ্জাবের শিল্পমন্ত্রী সঞ্জীব অরোরার গ্রেফতারিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল পঞ্জাবের রাজনীতি। রবিবার রাজ্যের বিভিন্ন জেলায় বিজেপির বিরুদ্ধে বিক্ষোভে সামিল হয় আম আদমি পার্টির কর্মী-সমর্থকেরা। একাধিক জায়গায় বিজেপি ও এএপি কর্ম
সঞ্জীব অরোরার গ্রেফতারি ঘিরে উত্তপ্ত পঞ্জাব, একাধিক জেলায় বিক্ষোভ


চণ্ডীগড়, ১০ মে (হি.স.): পঞ্জাবের শিল্পমন্ত্রী সঞ্জীব অরোরার গ্রেফতারিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল পঞ্জাবের রাজনীতি। রবিবার রাজ্যের বিভিন্ন জেলায় বিজেপির বিরুদ্ধে বিক্ষোভে সামিল হয় আম আদমি পার্টির কর্মী-সমর্থকেরা। একাধিক জায়গায় বিজেপি ও এএপি কর্মীদের মুখোমুখি অবস্থানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। বিশেষ করে লুধিয়ানা ও ভাটিণ্ডায় পরিস্থিতি সামাল দিতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।

লুধিয়ানায় বিজেপি কার্যালয়ের সামনে সঞ্জীব অরোরার গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছিল এএপি। তাদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করা হচ্ছে। এই সময় বিজেপি কর্মীরাও সেখানে পৌঁছলে দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে স্লোগান দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এক বিজেপি কর্মী আহত হন বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে বহু মহিলা কর্মীও উপস্থিত ছিলেন।

বিজেপির তরফে উপস্থিত ছিলেন রাজ্য সাধারণ সম্পাদক অনিল সারিন, জেলা সভাপতি রজনীশ ধিমান এবং প্রবীণ নেতা পরভিন বনসল। অন্যদিকে এএপি নেতৃত্ব কেন্দ্রীয় সংস্থার অপব্যবহার নিয়ে অভিযোগ তোলে।

লুধিয়ানার গিল রোড এলাকার দানা মাণ্ডিতে বিজেপির কুশপুত্তলিকাও পোড়ান এএপি কর্মীরা। এএপি-র লুধিয়ানা শহর সভাপতি যতিন্দর খঙ্গুরার দাবি, সঞ্জীব অরোরার গ্রেফতারি বেআইনি এবং এটি গণতন্ত্রের উপর আঘাত।

ভাটিণ্ডাতেও বিজেপি কার্যালয়ের সামনে উত্তেজনা ছড়ায়। সেখানে বিজেপি কর্মীরা শিল্পমন্ত্রী সঞ্জীব অরোরা এবং মুখ্যমন্ত্রী ভগবন্ত মান-এর ইস্তফার দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন। পরে এএপি কর্মীরাও সেখানে পৌঁছলে দুই পক্ষের মধ্যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। পুলিশ মানবশৃঙ্খল তৈরি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জলন্ধর, হোশিয়ারপুর, মোহালি ও বরনালা-সহ আরও কয়েকটি জেলাতেও এএপি কর্মীরা বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ দেখান এবং কেন্দ্র সরকারের কুশপুত্তলিকা দাহ করেন।

উল্লেখ্য, প্রায় ১০০ কোটি টাকার জিএসটি দুর্নীতি এবং অর্থ তছরুপ মামলায় শনিবার পঞ্জাবের শিল্পমন্ত্রী সঞ্জীব অরোরা -কে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এরপর থেকেই পঞ্জাবের রাজনৈতিক মহলে চাপানউতোর তীব্র হয়েছে।

উল্লেখ্য, হ্যাম্পটন স্কাই রিয়েলটি লিমিটেড-সংক্রান্ত অর্থ পাচার মামলায় গ্রেফতার হওয়া সঞ্জীব অরোরাকে ৭ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে গুরুগ্রামের একটি আদালত। যদিও ইডি ১০ দিনের হেফাজত চেয়েছিল| আগামী ১৬ মে মামলার পরবর্তী শুনানি হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande