
জম্মু, ১০ মে (হি.স.) : জম্মু শহরে দ্রুত বাড়তে থাকা অনলাইন ক্যাব ও বাইক ট্যাক্সি পরিষেবা সাধারণ মানুষের যাতায়াত সহজ করলেও বিপাকে পড়েছেন পেট্রোলচালিত অটোর চালকেরা। র্যাপিডো, ওলা ও উবেরের মতো অনলাইন অ্যাপভিত্তিক পরিষেবার সম্প্রসারণের পর থেকেই অটোচালকদের ব্যবসা ক্রমশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আগে যে অটোস্ট্যান্ডগুলিতে যাত্রীদের দীর্ঘ লাইন দেখা যেত, এখন সেখানে ঘণ্টার পর ঘণ্টা যাত্রীর অপেক্ষায় বসে থাকতে হচ্ছে চালকদের।
ডিজিটাল প্ল্যাটফর্মভিত্তিক পরিষেবাগুলি কম ভাড়া ও সহজ বুকিংয়ের সুবিধা দেওয়ায় যাত্রীরা মোবাইল অ্যাপের মাধ্যমে কয়েক মিনিটেই বাইক ট্যাক্সি বা ক্যাব ডেকে নিচ্ছেন। ফলে অটো পরিষেবার চাহিদা দ্রুত কমে যাচ্ছে। বিশেষ করে পেট্রোলচালিত অটোচালকেরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন, কারণ জ্বালানির দাম বৃদ্ধির মধ্যে তাঁদের আয় ক্রমাগত কমছে।
রবিবার অটোচালকরা দাবি করেন , আগে দিনে যে পরিমাণ রোজগার হত এখন তার অর্ধেকও হচ্ছে না। অনেকেই ব্যাঙ্ক ঋণ বা কিস্তিতে অটো কিনেছেন। আয় কমে যাওয়ায় তাঁদের আর্থিক সমস্যার মুখে পড়তে হচ্ছে। অন্যদিকে অনলাইন অ্যাপভিত্তিক পরিষেবায় আগে থেকেই ভাড়া নির্ধারিত থাকে এবং ডিজিটাল পেমেন্টের সুবিধা থাকায় যাত্রীরা সেগুলিকেই বেশি পছন্দ করছেন।
আরও একটি বড় সমস্যা হল, অধিকাংশ অটোচালকদের প্রযুক্তি ও ডিজিটাল জগতে পিছিয়ে পড়া| অনেক চালক অনলাইন অ্যাপভিত্তিক ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে পারছেন না। ফলে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন। পাশাপাশি, বহু শহরে বাইক ট্যাক্সি পরিষেবা নিয়ে নিয়ম ও পারমিট ব্যবস্থা স্পষ্ট না হওয়ায় অটো ইউনিয়নগুলির ক্ষোভও বাড়ছে।
বিশেষজ্ঞদের মতে, সময়মতো ভারসাম্য তৈরি না করা গেলে আগামী দিনে হাজার হাজার অটোচালক বড় অর্থনৈতিক সঙ্কটের মুখে পড়তে পারেন। প্রযুক্তি ও কর্মসংস্থানের মধ্যে ভারসাম্য বজায় রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য