
মালদা, ১০ মে (হি. স.): বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে ভাগীরথী নদীতে তলিয়ে নিখোঁজ হয়ে গেল ১৫ বছরের এক কিশোর। রবিবার বিকেলে মালদার সাদুল্লাপুর নদীঘাটে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নিখোঁজ কিশোরের নাম অরূপ দাস। সে মালদা শহরের বুড়াবুড়িতলা এলাকার বাসিন্দা এবং মালদা টাউন হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র বলে জানা গিয়েছে।পরিবার সূত্রে জানা গেছে , এদিন দুপুরে দুই-তিনজন বন্ধুর সঙ্গে সাদুল্লাপুর নদীঘাটে স্নান করতে যায় অরূপ। বিকেলের দিকে তারা ভাগীরথী নদীতে নামে। অভিযোগ, নদীতে নামার কিছুক্ষণের মধ্যেই আচমকা গভীর জলে তলিয়ে যায় অরূপ। ঘটনাটি নজরে আসতেই তার বন্ধুরা চিৎকার শুরু করে। স্থানীয় বাসিন্দারা দ্রুত নদীতে নেমে তল্লাশি শুরু করেন।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইংরেজ বাজার থানার পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা। উদ্ধারকারী দল নদীতে তল্লাশি অভিযান চালালেও খবর লেখা পর্যন্ত কিশোরের কোনও খোঁজ মেলেনি।ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই সাদুল্লাপুর নদীঘাটে বহু মানুষের ভিড় জমে যায়। এই ঘটনায় পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়