
মুম্বই, ১০ মে (হি.স.): দুর্ঘটনার কবলে পড়লেন এনসিপি (এসপি) নেত্রী সুপ্রিয়া সুলে। শনিবার রাতে মুম্বই-পুণে এক্সপ্রেসওয়ে ধরে গাড়িতে করে যাওয়ার সময় তাঁর গাড়িকে পাশ কাটিয়ে বেরোতে গিয়ে ধাক্কা মারে অন্য একটি গাড়ি। ঘটনায় অল্পের জন্য রক্ষা পান সুপ্রিয়া। যদিও তাঁর গাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্ত গাড়ির চালককে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে পুণে থেকে মুম্বই যাচ্ছিলেন সুপ্রিয়া সুলে। খালাপুর টোল প্লাজা পেরনোর পর একটি সাদা এসইউভি তাঁর গাড়িটিকে ওভারটেক করার চেষ্টা করে। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সুপ্রিয়ার গাড়িতে ধাক্কা মারে বলে অভিযোগ।
ঘটনার পর শনিবার রাতেই সমাজমাধ্যমে পোস্ট করে গাড়িটির নম্বরও প্রকাশ করেন সুপ্রিয়া। তিনি লেখেন, ‘বেপরোয়া গতিতে এসে পাশ থেকে আমাদের গাড়িকে ধাক্কা মারল। ভয়ঙ্কর মুহূর্ত। সিট বেল্ট পরেছিলাম বলে রক্ষা পেয়েছি।’
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ