
হুগলি, ১০ মে (হি.স.): হুগলির গোঘাটের কোটা নকুণ্ডায় তৃণমূল কর্মীর রহস্য মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। দলীয় কার্যালয়ের পিছনে মিলল দেহ। মৃতের নাম সহদেব বাগ। তিনি নকুণ্ডা গ্রাম পঞ্চায়েতে সদস্যা চায়না বাগের স্বামী। রবিবার সকালে হুগলির গোঘাটের নকুণ্ডা পঞ্চায়েতের কোটা গ্রামের এক তৃণমূল কর্মী, সহদেব বাগের (৫০) রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়।
শনিবার সন্ধ্যায় চা খেতে বেরিয়ে আর বাড়ি ফেরেননি। তৃণমূলের দলীয় কার্যালয়ের পিছনে নিকাশি নালার কাছে তাঁর মুখ ও কপাল থেঁতলানো দেহ উদ্ধার হয়। তাঁর স্ত্রী পঞ্চায়েত সদস্যা চায়না বাগের অভিযোগ, বিজেপির দুষ্কৃতীরা কয়েক দিন ধরেই হুমকি দিচ্ছিল, তারাই খুন করেছে। বিজেপির নেতৃত্বের দাবি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে এই খুন। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ