
চেন্নাই, ১০ মে (হি.স.): তামিল রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হয়ে গেল। দক্ষিণ ভারতের এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন টিভিকে প্রধান বিজয়। রবিবার সকালে চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজয়। এছাড়াও তাঁর মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজয়ের বাবা-মা, আত্মীয়স্বজন, এছাড়াও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রমুখ।
টিভিকে প্রধান সি জোসেফ বিজয়কে মুখ্যমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করান তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকের। মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন টিভিকে নেতা এন আনন্দ, আধব অর্জুন, ডক্টর কেজি অরুণরাজ, কেএ সেঙ্গোত্তাইয়ান। এছাড়াও মন্ত্রী হিসেবে শপথ নেন টিভিকে নেতা পি ভেঙ্কটরামানন, আর নির্মলকুমার, রাজমোহন, ডঃ টি কে প্রভু এবং সেলভি এস কীর্তনা প্রমুখ। তামিল ভাষায় শপথ নেন তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী বিজয়। হাততালিতে ফেটে পড়ে স্টেডিয়াম। মঞ্চে বিজয়ের পাশেই বসেন রাহুল গান্ধী।
শপথ গ্রহণের পরে প্রথম বার ভাষণ দেন বিজয়। তিনি বলেন, ‘‘আমি ঈশ্বরের দূত নই। সাধারণ মানুষ। ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায়ের নতুন অধ্যায় এখন থেকে শুরু হল।’’ মুখ্যমন্ত্রী হয়েই বিজয় ঘোষণা করলেন, তামিলনাড়ুবাসী ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পাবেন বিনামূল্যে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ