
আসানসোল, ১০ মে (হি. স.): দীর্ঘ প্রায় ১৩ বছর পর ফের শুরু হল আসানসোলের বস্তিন বাজার দুর্গা মন্দিরের নিত্যপুজো। রবিবার আসানসোল উত্তরের নবনির্বাচিত বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি জেলা সভাপতিকে সঙ্গে নিয়ে মন্দিরে পুজো দেন এবং নিত্যপুজো পুনরায় চালুর আনুষ্ঠানিক সূচনা করেন।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একসময় নিয়মিত পুজো হলেও বিগত কয়েক বছর ধরে নানা রাজনৈতিক টানাপোড়েন ও বিতর্কের জেরে মন্দিরে নিত্যপুজো কার্যত বন্ধ ছিল। সেই পরিস্থিতির অবসান ঘটিয়ে বিজেপি নির্বাচনে জয়লাভের পর মন্দিরে পুনরায় নিয়মিত পুজো চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। রবিবার সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হওয়ায় এলাকায় উৎসবের আবহ তৈরি হয়।এদিন মন্দির প্রাঙ্গণে উপস্থিত ছিলেন বিজেপির জেলা নেতৃত্ব, স্থানীয় কর্মী-সমর্থক ও বহু ভক্ত। বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি মন্দিরে বিশেষ পুজো দেওয়ার পাশাপাশি এলাকার শান্তি, উন্নয়ন ও সম্প্রীতির কামনা করেন।তিনি বলেন, ধর্মীয় আচার ও সংস্কৃতির ধারাকে অক্ষুণ্ণ রাখার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বহু বছর পর মন্দিরে নিত্যপুজো শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যেও খুশির আবহ লক্ষ্য করা যায়।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়