
মেলাঘর (ত্রিপুরা), ১০ মে (হি.স.) : সিপাহীজলা জেলার মেলাঘর কলমক্ষেত হাইস্কুলের সামনে একটি গুরুত্বপূর্ণ সড়কের অংশ এখন কার্যত মরণফাঁদে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তার ওই অংশ কাদায় পরিণত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, যানচালক এবং স্কুলের ছাত্রছাত্রীরা। দ্রুত স্থায়ী সংস্কারের দাবি উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে রাস্তার নিচ দিয়ে যাওয়া কৃষি সেচ দফতরের একটি বড় পাইপ ফেটে যায়। এর ফলে দীর্ঘদিন ধরে রাস্তার উপর জল উপচে পড়ে যাতায়াতে সমস্যা সৃষ্টি হচ্ছিল। পরে সংশ্লিষ্ট দফতর রাস্তা কেটে পাইপটি মেরামত করলেও কাজ শেষে রাস্তার ক্ষতিগ্রস্ত অংশটি যথাযথভাবে সংস্কার করা হয়নি।
অভিযোগ, দায়সারাভাবে মাটি ও ইটের টুকরো ফেলে গর্ত ভরাট করে রাখা হয়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই ওই অংশে কাদা জমে বড় বড় গর্ত তৈরি হয়েছে। এতে বাইক, অটো ও অন্যান্য যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যে কোনও সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
বিশেষ উদ্বেগের বিষয়, কলমক্ষেত হাইস্কুলের ঠিক সামনে এই বিপজ্জনক পরিস্থিতি তৈরি হওয়ায় প্রতিদিন শতাধিক ছাত্রছাত্রীকে জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যাতায়াত করতে হচ্ছে। অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে।
জনৈক স্থানীয় বাসিন্দা বলেন, “পাইপ মেরামত করা হলেও রাস্তা ঠিকভাবে সংস্কার করা হয়নি। বৃষ্টি হলেই যানবাহনের চাকা কাদায় বসে যাচ্ছে, মানুষ পড়ে গিয়ে আহত হচ্ছেন। ছোট ছোট ছাত্রছাত্রীদের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ।”
এলাকাবাসীর অভিযোগ, সংশ্লিষ্ট দফতরগুলির সমন্বয়ের অভাব ও উদাসীনতার কারণেই এই সমস্যা দীর্ঘায়িত হচ্ছে। বহুবার বিষয়টি জানানো হলেও এখনও স্থায়ী সমাধানের উদ্যোগ দেখা যায়নি। স্থানীয়দের দাবি, কোনও অপ্রীতিকর দুর্ঘটনার আগেই দ্রুত রাস্তার ক্ষতিগ্রস্ত অংশ পাকা করে সংস্কার করা হোক।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ