
হুগলি , ১০ মে (হি.স.): হুগলির গোঘাটের কামারপুকুর এলাকায় দীর্ঘদিন ধরে একটি সমবায় সমিতির অফিস তৃণমূল কংগ্রেসের দখলে থাকার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক চাঞ্চল্য ছড়াল। রবিবার ওই অফিস কর্মচারীদের হাতে ফিরিয়ে দিলেন গোঘাটের বিজেপি বিধায়ক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত প্রায় ১৫ বছর ধরে কামারপুকুরের ওই সমবায় সমিতির অফিসটি রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছিল। সমবায় কর্মচারীদের দাবি, এর ফলে অফিসের স্বাভাবিক প্রশাসনিক কাজকর্ম ব্যাহত হচ্ছিল এবং সাধারণ গ্রাহকদের পরিষেবা দিতেও সমস্যার মুখে পড়তে হচ্ছিল। বিষয়টি নিয়ে একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হলেও স্থায়ী সমাধান হয়নি বলেও অভিযোগ।
রবিবার সকালে বিজেপি বিধায়ক দলীয় কর্মী ও সমবায় সমিতির সদস্যদের নিয়ে সেখানে পৌঁছন। পরিস্থিতি পর্যালোচনার পর অফিসটি আনুষ্ঠানিকভাবে সমবায় কর্মচারীদের হাতে তুলে দেওয়া হয়। অফিসের চাবিও তাঁদের হাতে তুলে দেওয়া হয় বলে জানা গিয়েছে। এর ফলে কর্মচারীদের মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।
বিজেপি বিধায়কের দাবি, “সমবায় সমিতি সাধারণ মানুষের প্রতিষ্ঠান। কোনও রাজনৈতিক দলের দখলে তা থাকতে পারে না। কর্মচারীরা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারেন, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”
যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে কামারপুকুর এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গিয়েছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA