
গুরুগ্রাম, ১০ মে (হি.স.) : ইউটিউবার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এলভিশ যাদব-কে ফের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এবার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নামে তাঁর কাছে ১০ কোটি টাকা তোলাবাজি দাবি করা হয়েছে বলে অভিযোগ। বিদেশি নম্বর থেকে হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে এই হুমকি দেওয়া হয়। বার্তা পাঠানো ব্যক্তি নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ঘনিষ্ঠ রণদীপ মালিক বলে পরিচয় দিয়েছে।
রবিবার অভিযোগ পাওয়ার পর হরিয়ানার গুরুগ্রামের সেক্টর-৫৬ থানার পুলিশ তদন্ত শুরু করেছে। কোন জায়গা থেকে হুমকির বার্তা পাঠানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, এলভিশ যাদব বর্তমানে একটি অনুষ্ঠানের শুটিংয়ের কাজে গুরুগ্রামের বাইরে রয়েছেন। তিনি বর্তমানে ‘লাফটার শেফ’ শো-সহ একাধিক অনুষ্ঠানের শুটিং করছেন।
পরিবারের সদস্যদের দাবি, দু’দিনের মধ্যে টাকা না দিলে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। পুলিশ ইতিমধ্যেই ফোন নম্বরের অবস্থান (লোকেশন ) ও কল ডিটেলস খতিয়ে দেখতে শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৫ মে এলভিশ যাদবের মোবাইলে একটি বিদেশি নম্বর থেকে হোয়াটসঅ্যাপ কল আসে। তিনি ফোনটি ধরতে পারেননি। এরপর একই নম্বর থেকে হুমকির বার্তা পাঠানো হয়।
এ প্রসঙ্গে এলভিশ যাদবের বাবা রামঅবতার যাদব বলেন, তাঁর ছেলে নিজের পরিশ্রমে এই জায়গায় পৌঁছেছে। গুরুগ্রামের বহু বিত্তশালী মানুষ থাকেন এবং কাউকে হুমকি দিয়ে টাকা দাবি করার ঘটনা ঘটতেই পারে। যদিও তিনি জানান, এ বিষয়ে তাঁর কাছে বিস্তারিত তথ্য নেই এবং এলভিশও কিছু জানাননি।
উল্লেখ্য, এর আগেও ২০২৫ সালের ১৭ আগস্ট সেক্টর-৫৬ এলাকায় এলভিশ যাদবের বাড়িতে দুষ্কৃতীরা প্রায় ২৪ রাউন্ড গুলি চালায়। মোটরবাইকে এসে হামলাকারীরা বাড়ির দরজা, জানলা ও ছাদকেও লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। ওই ঘটনায় দিল্লি পুলিশ দুই শুটারকে গ্রেফতার করেছিল। অভিযোগ, গুলি চালানোর জন্য তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে দেওয়া হয়েছিল।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য